সমবায়ীদের পণ্য বিশ্ববাজারে রপ্তানির উদ্যোগ

দেশের সমবায় আন্দোলনকে শক্তিশালী করতে সমবায় সমিতির সংখ্যা বৃদ্ধির চেয়ে বিদ্যমান সমিতিগুলোর গুণগত মান, দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সমবায় অধিদপ্তরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এবারের প্রতিপাদ্য ছিল "Cooperatives for a Peaceful World"।

সমবায়ীদের পণ্য বিশ্ববাজারে রপ্তানির উদ্যোগ
৪ জুলাই, ২০২৬ ১৬:২৯  

 দেশের সমবায় আন্দোলনকে আরও শক্তিশালী করতে সমবায় সমিতির সংখ্যা বৃদ্ধির পরিবর্তে বিদ্যমান সমিতিগুলোর গুণগত মান, দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ৪ জুলাই, শনিবার ১০৪তম আন্তর্জাতিক সমবায় দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে সমবায় অধিদপ্তরের মাল্টিপারপাস হলে আয়োজিত এক বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এবারের আন্তর্জাতিক সমবায় দিবসের মূল প্রতিপাদ্য ছিল "Cooperatives for a Peaceful World"। অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা করা হয়। পরে প্রতিমন্ত্রী বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং সমবায়ীদের তৈরি বিভিন্ন পণ্যের মেলার স্টল পরিদর্শন করেন।

আলোচনা সভায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার সমবায় খাতকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। মানুষকে ঐক্যবদ্ধ করা ছাড়া দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয় এবং বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে সমবায় একটি কার্যকর হাতিয়ার। তিনি সমবায়ীদের উৎপাদিত পণ্য আধুনিকায়নের মাধ্যমে দেশীয় ও আন্তর্জাতিক বাজারে রপ্তানি করার কার্যকর উদ্যোগ গ্রহণের তাগিদ দেন।

মাঠপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে সরাসরি মতবিনিময়কালে প্রতিমন্ত্রী যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে দায়িত্ব দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে জেলা কার্যালয়গুলোকে আরও কার্যকর করতে উন্নয়ন প্রকল্প (ডিপিপি) প্রণয়ন, পদোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, কর-সংক্রান্ত জটিলতা নিরসন এবং প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধির প্রয়োজনীয় নির্দেশনা দেন। তিনি জানান, পর্যায়ক্রমে উপজেলা পর্যায়ের সমবায় সমিতিগুলো পরিদর্শন করে মাঠপর্যায়ের সমস্যা সমাধানে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা দেওয়া হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের সভাপতি ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম গ্রামীণ জনগণের অর্থনৈতিক অন্তর্ভুক্তি, নারী ক্ষমতায়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে সমবায়ের ভূমিকা তুলে ধরেন। সমবায়কে আরও জনবান্ধব করতে তিনি প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণ, স্বল্পসুদে ঋণ, প্রণোদনা প্যাকেজ এবং প্রয়োজনীয় আইনগত সংস্কারের আহ্বান জানান।

সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক মোঃ সেলিম ফকির, এনডিসির সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোহাং শওকত রশীদ চৌধুরী, সমবায় অধিদপ্তরের অতিরিক্ত নিবন্ধক মোঃ নবীরুল ইসলামসহ বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সমবায়ীবৃন্দ।

//ডিবিটেক/ ইকে/এমআই//