দুই দিনের সফরের দ্বিতীয় দিনে পানির ট্যাংকের ভিত্তিপ্রস্তর, চারটি মাদ্রাসা ভবনের উদ্বোধন; চাঁদাবাজি-দুর্নীতির বিরুদ্ধে ঘোষণা ‘শূন্য সহনশীলতা’

মধুপুরে শিক্ষা ও জনস্বাস্থ্য খাতে একাধিক উন্নয়নকাজের উদ্বোধন করলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম সাপ্তাহিক ছুটিতে নিজ নির্বাচনী এলাকায় দুই দিনের সফরের দ্বিতীয় দিনে টাঙ্গাইলের মধুপুর উপজেলায় জনস্বাস্থ্য ও শিক্ষা খাতের একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। এ সময় তিনি শিক্ষা অবকাঠামো উন্নয়ন, নিরাপদ সুপেয় পানি নিশ্চিতকরণ এবং চাঁদাবাজি-দুর্নীতির বিরুদ্ধে ‘শূন্য সহনশীলতা’ নীতির ঘোষণা দেন।

মধুপুরে শিক্ষা ও জনস্বাস্থ্য খাতে একাধিক উন্নয়নকাজের উদ্বোধন করলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম
৪ জুলাই, ২০২৬ ২২:৫০  

সাপ্তাহিক ছুটিতে নিজ নির্বাচনী এলাকায় দুই দিনের সফরের দ্বিতীয় দিন শনিবার (৪ জুলাই) টাঙ্গাইলের মধুপুর উপজেলায় জনস্বাস্থ্য ও শিক্ষা খাতের একাধিক গুরুত্বপূর্ণ উন্নয়নকাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।

দিনের কর্মসূচি শুরুর আগে তিনি মধুপুরের সাবেক যুবদল নেতা মরহুম সোহেল তালুকদারের কবর জিয়ারত করেন এবং তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।

পরে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে কাকরাইদ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণের পাশে এক লাখ লিটার ধারণক্ষমতাসম্পন্ন পানির ট্যাংক নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সংশ্লিষ্টদের মতে, প্রকল্পটি বাস্তবায়িত হলে স্থানীয় তিন শতাধিক মানুষ আর্সেনিকমুক্ত ও নিরবচ্ছিন্ন সুপেয় পানির সুবিধা পাবেন।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে কাকরাইদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা মন্ত্রীর সঙ্গে দেখা করে তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। শিক্ষার্থীদের অনুরোধে পূর্বনির্ধারিত কর্মসূচির বাইরে বিদ্যালয়টি পরিদর্শন করেন তিনি। এ সময় শিক্ষার্থীদের খোঁজখবর নিয়ে বিভিন্ন সমস্যা অগ্রাধিকারভিত্তিতে সমাধানের আশ্বাস দেন এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

এরপর মন্ত্রী জটাবাড়ী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার নবনির্মিত চারতলা ভবনের উদ্বোধন করেন। পরে পর্যায়ক্রমে শতবর্ষী গাংগাইর নজমুল ইসলাম ফাজিল মাদ্রাসা, মধুপুর আদর্শ ইসলামিয়া কামিল মাদ্রাসা এবং শালিখা ফাজিল মাদ্রাসার নবনির্মিত চারতলা ভবনেরও উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে গাংগাইর নজমুল ইসলাম ফাজিল মাদ্রাসাকে সরকারিকরণ এবং শালিখা ফাজিল মাদ্রাসায় একটি কম্পিউটার ল্যাব ও ছাত্রীদের জন্য পৃথক নামাজের স্থান নির্মাণের দাবি জানানো হয়।

দাবির বিষয়ে মন্ত্রী বলেন, “আমি দুই দিনের সফরে যেখানেই গেছি, সেখানেই রাস্তাঘাট, স্কুল-কলেজ ও মাদ্রাসার বেহাল অবস্থা দেখেছি। সবাই আমাকে দীর্ঘ দাবির তালিকা দিয়েছেন। তাহলে গত ১৭ বছরের সরকার কী করেছে?”

তিনি বলেন, “আমার আর কোনো চাওয়া-পাওয়া নেই। আপনাদের কল্যাণে কাজ করাই আমার দায়িত্ব। তবে সব কাজ একসঙ্গে করা সম্ভব নয়। ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। এজন্য আপনাদেরও সহযোগিতা করতে হবে।”

নিজ নির্বাচনী এলাকাকে শান্তিপূর্ণ ও আদর্শ জনপদ হিসেবে গড়ে তুলতে চাঁদাবাজি, দুর্নীতি, অনিয়ম এবং জুয়ার বিরুদ্ধে ‘শূন্য সহনশীলতা’ নীতির ঘোষণা দিয়ে মন্ত্রী স্থানীয় প্রশাসন ও দলীয় নেতা-কর্মীদের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, “দুই-একজন দুষ্টু মানুষের কারণে মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়ন পরিকল্পনা ব্যাহত হতে দেওয়া হবে না।”

নির্ধারিত কর্মসূচির বাইরে বাদ আসর তিনি ধনবাড়ী উপজেলার বনদ্রা ওয়ার্ডের একাধিকবার নির্বাচিত কমিশনার ও শ্রমিক দল নেতা মিজানুর রহমান মিজানের জানাজায় অংশ নেন। পরে রাতে মধুপুর পৌর বিএনপির কার্যালয়ে দলীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন এবং স্থানীয় শ্রী শ্রী নিত্যানন্দ সেবা ও অনাথ আশ্রমের পুরোহিতদের সঙ্গে মতবিনিময় করেন। সেখানে তাঁদের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার শিক্ষার মানোন্নয়ন, আধুনিক শিক্ষা অবকাঠামো নির্মাণ এবং নাগরিকদের মৌলিক সেবা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছে। শিক্ষা খাতে শৃঙ্খলা ও গুণগত মান নিশ্চিত করতে নকলমুক্ত ও স্বচ্ছ পরীক্ষা গ্রহণ করা হচ্ছে, যাতে প্রকৃত মেধাবীরা যথাযথ মূল্যায়ন পান।

তিনি আরও বলেন, উন্নত শিক্ষা পরিবেশ গড়ে তোলার পাশাপাশি নিরাপদ সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করাও সরকারের অন্যতম অগ্রাধিকার।

মধুপুরের সার্বিক উন্নয়নে সরকার আন্তরিক উল্লেখ করে তিনি বলেন, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও জনসেবামূলক অবকাঠামোর উন্নয়নে ধারাবাহিকভাবে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে, যা স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানগুলোতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন, মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাফর ইকবাল, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামান শাহীন, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, সুধীজন এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

//ডিবিটেক/আইএইচ/এমআই//