হিট প্রকল্পের আওতায় ১০ দিনের টিওটি প্রশিক্ষণ সম্পন্ন; এডটেক, মানোন্নয়ন, গবেষণা ও একাডেমিক নেতৃত্বে নতুন সক্ষমতা তৈরির উদ্যোগ
উচ্চশিক্ষায় প্রযুক্তিনির্ভর নেতৃত্ব গড়তে ১৫ মাস্টার ট্রেইনার তৈরি করল ব্রিটিশ কাউন্সিল
দেশের উচ্চশিক্ষায় প্রযুক্তিনির্ভর শিক্ষাদান, একাডেমিক নেতৃত্ব এবং শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নে নতুন মাইলফলক তৈরি করেছে ব্রিটিশ কাউন্সিল। প্রতিষ্ঠানটির ‘সিনিয়র ফ্যাকাল্টি প্রফেশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম’-এর আওতায় ১০ দিনব্যাপী ট্রেনিং অব ট্রেইনার্স (টিওটি) কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে দেশের প্রথম ব্যাচের ১৫ জন মাস্টার ট্রেইনার তৈরি করা হয়েছে, যারা ভবিষ্যতে জাতীয় পর্যায়ে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের প্রশিক্ষণ দেবেন।
বিশ্বব্যাংকের অর্থায়নে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) হায়ার এডুকেশন অ্যাকসিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের আওতায় এই কর্মসূচি বাস্তবায়িত হয়েছে। প্রকল্পটির লক্ষ্য দেশের উচ্চশিক্ষাকে আধুনিক, প্রযুক্তিনির্ভর, দক্ষতাভিত্তিক এবং আন্তর্জাতিক মানসম্পন্ন করে গড়ে তোলা।
হিট প্রকল্পের কারিগরি অংশীদার হিসেবে ব্রিটিশ কাউন্সিল পাঠ্যক্রম প্রণয়ন, প্রশিক্ষণ উপকরণ তৈরি, কর্মসূচি বাস্তবায়ন এবং মাস্টার ও ন্যাশনাল ট্রেইনারদের সক্ষমতা উন্নয়নে নেতৃত্ব দিচ্ছে।
গত ২১ জুন থেকে ১ জুলাই পর্যন্ত কক্সবাজারে অনুষ্ঠিত আবাসিক প্রশিক্ষণে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ১৫ জন জ্যেষ্ঠ শিক্ষাবিদ অংশ নেন। অংশগ্রহণকারীদের মধ্যে বর্তমান ও সাবেক উপাচার্য, ডিন, কোষাধ্যক্ষ, বিভাগীয় প্রধান এবং ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালকরা ছিলেন।
ব্রিটিশ কাউন্সিল, যুক্তরাজ্যের Advance HE এবং বাংলাদেশের উচ্চশিক্ষা বিশেষজ্ঞদের যৌথ উদ্যোগে তৈরি এই প্রশিক্ষণে আন্তর্জাতিক অভিজ্ঞতার সঙ্গে বাংলাদেশের বাস্তবতাকে সমন্বয় করা হয়েছে। অংশগ্রহণকারীকেন্দ্রিক ও ইন্টারঅ্যাকটিভ পদ্ধতিতে পরিচালিত প্রশিক্ষণে কৌশলগত সুশাসন, মান নিশ্চিতকরণ, আন্তর্জাতিকীকরণ, আধুনিক পাঠ্যক্রম উন্নয়ন, শিক্ষার্থী সহায়তা, গবেষণায় নেতৃত্ব, মূল্যায়ন সংস্কার এবং বিশ্ববিদ্যালয়-শিল্পখাত সহযোগিতা বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রশিক্ষণে কেস স্টাডি, দলীয় আলোচনা, ব্যবহারিক অনুশীলন এবং অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে অংশগ্রহণকারীদের নেতৃত্ব ও প্রশিক্ষণ পরিচালনার দক্ষতা উন্নয়নে গুরুত্ব দেওয়া হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস, হিট প্রকল্পের প্রকল্প পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. বোরহান উদ্দিন খান এবং যুক্তরাজ্যের Advance HE-এর পরামর্শক ড. বেন ব্রাবন। অনুষ্ঠানে ১৫ জন মাস্টার ট্রেইনারকে সনদ প্রদান করা হয়। পাশাপাশি দেশি ও আন্তর্জাতিক প্রশিক্ষকদেরও সম্মাননা জানানো হয়।
সংশ্লিষ্টরা জানান, এই মাস্টার ট্রেইনাররাই আগামীতে ন্যাশনাল ট্রেইনার তৈরি করবেন। এর মাধ্যমে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রযুক্তিনির্ভর শিক্ষাদান, ডিজিটাল পেডাগজি, গবেষণা, উদ্ভাবন এবং একাডেমিক নেতৃত্ব বিকাশে একটি টেকসই প্রশিক্ষণ কাঠামো গড়ে উঠবে।
ব্রিটিশ কাউন্সিল জানিয়েছে, হিট প্রকল্পের পরবর্তী ধাপেও তাদের সহযোগিতা অব্যাহত থাকবে। আন্তর্জাতিক অভিজ্ঞতা, প্রযুক্তিনির্ভর শিক্ষা এবং দেশীয় অংশীদারত্বের সমন্বয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের দক্ষতা উন্নয়ন এবং বাংলাদেশের উচ্চশিক্ষাকে বৈশ্বিক প্রতিযোগিতায় আরও সক্ষম করে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
//ডিবিটেক/এমআর/এমইউআইএম//





