অপপ্রচার ঠেকাতে কঠোর অবস্থানে  পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন

পুলিশকে ঘিরে সামাজিক মাধ্যমে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ

  • ফেসবুক গ্রুপ ও পেজে ভিত্তিহীন তথ্য ছড়ানোর অভিযোগ
  • আইনশৃঙ্খলা বাহিনীর মনোবল দুর্বল করার চেষ্টা চলছে বলে দাবি
  • অপপ্রচার প্রতিরোধে নজরদারি অব্যাহত থাকার কথা উল্লেখ

পুলিশকে ঘিরে সামাজিক মাধ্যমে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ
১ জুলাই, ২০২৬ ০৯:০৭  

বাংলাদেশ পুলিশের বিভিন্ন কর্মকর্তা ও বাহিনীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিত্তিহীন, বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। সংগঠনটির দাবি, একটি চক্র পরিকল্পিতভাবে এসব অপপ্রচার চালিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকারিতা দুর্বল করা এবং রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থাকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।

মঙ্গলবার বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অভিযোগ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি একটি চক্র এবং বিগত সরকারের সুবিধাভোগী একটি অংশ পুলিশের বিরুদ্ধে সম্পূর্ণ ভিত্তিহীন ও মনগড়া পোস্ট তৈরি করে বিভিন্ন ফেসবুক গ্রুপ, পেজ এবং অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিচ্ছে। এর উদ্দেশ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম বাধাগ্রস্ত করা এবং রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থাকে দুর্বল করা।

সংগঠনটি দাবি করে, ২০২৪ সালের জুলাই-আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর পুলিশ বাহিনী দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জনআস্থা পুনঃপ্রতিষ্ঠা এবং পেশাদারিত্ব বাড়াতে নতুন উদ্যোগ গ্রহণ করেছে। তবে এ সময়ে একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে পুলিশের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে সদস্যদের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিশেষ করে যেসব কর্মকর্তা দুর্নীতি, অপরাধ ও অনিয়ম দমনে কঠোর অবস্থান নিয়েছেন, তারাই বেশি অপপ্রচারের শিকার হচ্ছেন। বিশ্লেষকদের উদ্ধৃতি দিয়ে এতে দাবি করা হয়, এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়; বরং একটি সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ।

অপপ্রচারকারীরা মিথ্যা, ভিত্তিহীন ও গুজবভিত্তিক পোস্ট তৈরি করে একযোগে বিভিন্ন ফেসবুক গ্রুপ, পেজ এবং অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দ্রুত ভাইরাল করার কৌশল গ্রহণ করছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এতে আরও বলা হয়, আইন ও নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, এ ধরনের অপপ্রচার শুধু ব্যক্তিগত সুনামহানির উদ্দেশ্যে নয়; বরং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকারিতা দুর্বল করে রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থাকে অস্থিতিশীল করার বৃহত্তর প্রচেষ্টার অংশ। মতপ্রকাশের স্বাধীনতার নামে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার গ্রহণযোগ্য নয় বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি প্রতিরোধে সংশ্লিষ্ট সংস্থাগুলোর নজরদারি অব্যাহত রয়েছে। একই সঙ্গে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ পুলিশের সদস্যরা পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন অব্যাহত রাখবেন বলেও সংগঠনটি আশা প্রকাশ করেছে।

//ডিবিটেক/পিআর/এসএ//