বগল সম্পাদক ও হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান বিএফইউজে মহাসচিবের

দেশে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার সংকট চলছে: কাদের গনি

বিএফইউজে মহাসচিব কাদের গনি চৌধুরী দেশে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার সংকট দূর করতে এবং হলুদ সাংবাদিকতা ও অপপ্রচারের বিরুদ্ধে কঠোর জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

দেশে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার সংকট চলছে: কাদের গনি
২৯ জুন, ২০২৬ ১৪:২৭  

দেশে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার তীব্র সংকট চলছে উল্লেখ করে এই পরিস্থিতি থেকে উত্তরণে সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী। সোমবার (২৯ জুন) দুপুরে রাজধানীর সার্কিট হাউস রোডে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বোর্ড সভাকক্ষে আয়োজিত এক সেমিনারে তিনি এই গুরুত্বারোপ করেন। ‘গণমাধ্যমের স্বাধীনতা, আগ্রাসনরোধ ও জবাবদিহিমূলক কাঠামো’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট।

অপসাংবাদিকতার সমালোচনা করে কাদের গনি চৌধুরী বলেন, বর্তমানে কিছু ‘বগল সম্পাদক’ ও হলুদ সাংবাদিকতার কারণে মানুষ অতিষ্ঠ। পত্রিকা ছাপিয়ে তা বগলে নিয়ে বিভিন্ন দপ্তরে তদবির-বাণিজ্য করা সাংবাদিকতা নয়। গণমাধ্যমে জবাবদিহিতা নিশ্চিত করার তাগিদ দিয়ে তিনি বলেন, সাংবাদিকতা হবে পুরোপুরি সত্যভিত্তিক। সত্য লিখলে রাষ্ট্র নিরাপত্তা দেবে। বিগত গণঅভ্যুত্থানের সময় তৎকালীন সরকারের সুবিধাভোগী সাংবাদিকদের গণবিরোধী ভূমিকার সমালোচনা করে তিনি সাংবাদিকদের বিবেকবান হওয়ার আহ্বান জানান। এছাড়া ভারতীয় গণমাধ্যম বাংলাদেশের বিরুদ্ধে ধারাবাহিকভাবে মিথ্যা ও ভুয়া প্রচারণা চালিয়ে দেশে দাঙ্গা বাধানোর চেষ্টা করছে বলেও তিনি অভিযোগ করেন।

সেমিনারে সভাপতির বক্তব্যে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ বাছির জামাল বলেন, একটি গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে স্বাধীন গণমাধ্যম অপরিহার্য। রাজনৈতিক ও অর্থনৈতিক চাপমুক্ত পরিবেশ, সাংবাদিকদের নিরাপত্তা এবং ভুয়া তথ্য প্রতিরোধের মাধ্যমেই দায়িত্বশীল গণমাধ্যম প্রতিষ্ঠা সম্ভব। ট্রাস্টের উপ-পরিচালক এবিএম রফিকুল ইসলামের সঞ্চালনায় সেমিনারে বিএফইউজের সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

//ডিবিটেক/এসএইচ/এমআই//