আবাসন সংকট নিরসন, গবেষণা অনুদান বৃদ্ধি ও বিশ্ববিদ্যালয় সম্প্রসারণে সরকারের প্রতিশ্রুতি

বুয়েটে শহীদ আবরার ফাহাদের নামে আবাসিক হল নির্মাণের ঘোষণা

বুয়েটে শহীদ আবরার ফাহাদের নামে আবাসিক হল নির্মাণের ঘোষণা
২৭ জুন, ২০২৬ ১৮:০৯  

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর দীর্ঘদিনের আবাসন সংকট নিরসনে শহীদ আবরার ফাহাদের নামে একটি নতুন আবাসিক হল নির্মাণের ঘোষণা দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সম্প্রসারণ পরিকল্পনার অংশ হিসেবে পূর্বাঞ্চলে জমি অধিগ্রহণে প্রয়োজনীয় অর্থায়নেরও আশ্বাস দিয়েছেন তিনি।

২৭ জুন, শনিবার বুয়েটের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের পরিচিতিমূলক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব ঘোষণা দেন শিক্ষামন্ত্রী।

বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. একরামুল হকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন, উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হাসিব চৌধুরী, রেজিস্ট্রার অধ্যাপক নায়েব মো. গোলাম জাকারিয়া এবং ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালক অধ্যাপক এ কে এম মাসুদসহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শিক্ষামন্ত্রী বলেন, বুয়েটের শিক্ষার্থীরা দেশের অন্যতম মেধাবী তরুণ হলেও তাদের সঠিক মূল্যবোধ ও দায়িত্ববোধের মধ্য দিয়ে এগিয়ে নিতে হবে। অতীতে বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া একটি মর্মান্তিক ঘটনার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, শহীদ আবরার ফাহাদের স্মৃতি সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মকে সচেতন করার লক্ষ্যে তার নামে একটি আবাসিক হল প্রতিষ্ঠার বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব জানানো হবে।

তিনি জানান, আবাসিক সংকট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণার মানোন্নয়নে গবেষণা অনুদান বৃদ্ধি এবং গবেষণাগারের আধুনিকায়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।

মন্ত্রী বলেন, দেশের অনেক গবেষণাগার এখনো পুরোনো প্রযুক্তি ও যন্ত্রপাতির ওপর নির্ভরশীল, যা আন্তর্জাতিক মানের গবেষণার পথে অন্যতম বড় বাধা।

শিক্ষা খাতে সরকারের বিনিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, পরিকল্পনা অনুযায়ী ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। তবে এ অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

বুয়েট শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, বর্তমানে অনেক প্রকৌশলী প্রশাসনিক ক্যারিয়ারের দিকে ঝুঁকলেও দেশের প্রয়োজন উদ্ভাবক, গবেষক এবং প্রযুক্তিনির্ভর নেতৃত্ব। তিনি বিশ্বমানের বিশ্ববিদ্যালয়গুলোর অ্যালামনাই ট্রাস্ট ফান্ডের উদাহরণ তুলে ধরে বুয়েটের সাবেক শিক্ষার্থীদেরও গবেষণা ও উদ্ভাবনে বিনিয়োগে এগিয়ে আসার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন বলেন, সরকার এমন শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে চায় যা শিক্ষার্থীদের দক্ষ, কর্মমুখী ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলবে।

সভাপতির বক্তব্যে বুয়েট উপাচার্য অধ্যাপক ড. একরামুল হক নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, বিশ্ববিদ্যালয়জীবনে স্বাধীনতার পাশাপাশি দায়িত্ববোধ এবং সফট স্কিল অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি জানান, শিক্ষার্থীদের সার্বিক দক্ষতা উন্নয়নে বর্তমানে বুয়েটে ৩৩টি ক্লাব সক্রিয়ভাবে কাজ করছে।

//ডিবিটেক/এসআই/ইকে//