ভিডিও প্রকাশের পর সামনে এলো ভারতের শিক্ষাপ্রতিষ্ঠানে তার একাডেমিক সম্পৃক্ততা; যোগদানের সময়কাল নিয়ে আনুষ্ঠানিক তথ্য নেই
ত্রিপুরার মেডিকেল কলেজে ক্লাস নিতে দেখা গেল সাবেক এমপি ডা. প্রাণ গোপাল দত্তকে
কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সাবেক সংসদ সদস্য ও চিকিৎসক অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তকে ভারতের ত্রিপুরার একটি মেডিকেল কলেজে ক্লাস নিতে দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও কলেজের প্রকাশিত ভিডিও সামনে আসার পর বিষয়টি আলোচনায় আসে।
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার একটি মেডিকেল কলেজে পাঠদান করতে দেখা গেছে বাংলাদেশের সাবেক সংসদ সদস্য ও চিকিৎসক অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তকে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এবং সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রকাশিত ভিডিওতে তাকে আধুনিক শ্রেণিকক্ষে ডিজিটাল বোর্ড ব্যবহার করে নাক-কান-গলা (ইএনটি) বিষয়ে পাঠদান করতে দেখা যায়। ভিডিও প্রকাশের পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।
তবে তিনি কতদিন ধরে ওই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছেন কিংবা আনুষ্ঠানিকভাবে কোনো শিক্ষকতা বা বিশেষজ্ঞ দায়িত্বে রয়েছেন কি না—এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি।
ডা. প্রাণ গোপাল দত্ত বাংলাদেশের চিকিৎসা অঙ্গনের পরিচিত একটি নাম। তিনি নাক-কান-গলা রোগ বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। এছাড়া তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বর্তমান বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়) সাবেক উপাচার্য হিসেবেও দায়িত্ব পালন করেন।
চিকিৎসা ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ২০১২ সালে স্বাধীনতা পদক লাভ করেন। পরবর্তীতে তিনি সক্রিয় রাজনীতিতে যুক্ত হয়ে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে কুমিল্লা-৭ (চান্দিনা) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর আওয়ামী লীগের বিভিন্ন নেতার মতো তিনিও প্রকাশ্যে কম দেখা যাচ্ছিলেন। এ সময় তার অবস্থান নিয়ে নানা আলোচনা ছিল। সম্প্রতি প্রকাশিত ভিডিওর পর তিনি ভারতে অবস্থান করছেন—এমন আলোচনা নতুন করে সামনে আসে।
//ডিবিটেক/ডিএম/ইকে//





