গবেষণা, উদ্ভাবন ও শিল্পভিত্তিক দক্ষ জনবল তৈরিতে সহযোগিতা বাড়ানোর উদ্যোগ

ফার্মাসিউটিক্যাল গবেষণায় এনএসইউ-বেক্সিমকো অংশীদারত্ব

  • ফার্মাসিউটিক্যাল গবেষণা ও উদ্ভাবনে সহযোগিতা বাড়াচ্ছে এনএসইউ-বেক্সিমকো
  • এমফার্ম শিক্ষার্থীদের গবেষণা ও থিসিসে আর্থিক সহায়তা দিচ্ছে বেক্সিমকো
  • আধুনিক উৎপাদন, গবেষণা ও মান নিয়ন্ত্রণ সুবিধা পরিদর্শন এনএসইউ প্রতিনিধিদলের

ফার্মাসিউটিক্যাল গবেষণায় এনএসইউ-বেক্সিমকো অংশীদারত্ব
৬ সেপ্টেম্বর, ২০২৬ ০০:০৫  

ফার্মাসিউটিক্যাল খাতে গবেষণা, উদ্ভাবন ও শিল্পভিত্তিক দক্ষ জনবল তৈরিতে সহযোগিতা আরও বাড়াচ্ছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস বিভাগ ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসি। বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে গবেষণাভিত্তিক অংশীদারত্বের মাধ্যমে শিক্ষার্থীদের বাস্তব শিল্পপরিবেশে কাজের সুযোগ তৈরির পাশাপাশি ওষুধশিল্পের প্রয়োজনের সঙ্গে একাডেমিক গবেষণাকে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

গত বছর এ বিষয়ে দুই প্রতিষ্ঠান একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করে। এর আওতায় এনএসইউর নির্বাচিত এমফার্ম শিক্ষার্থীদের গবেষণা ও থিসিস সম্পন্ন করতে আর্থিক সহায়তার পাশাপাশি বেক্সিমকো ফার্মার আধুনিক গবেষণাসুবিধা ব্যবহারের সুযোগ দেওয়া হচ্ছে। শিল্প খাতের প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীরা এসব গবেষণা পরিচালনা করছেন।

টঙ্গীতে বেক্সিমকো ফার্মার কারখানায় দুই শিক্ষার্থীর এমফার্ম থিসিস প্রকল্প বৃহস্পতিবার  আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) রাব্বুর রেজা।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে গবেষণা ও প্রযুক্তিগত সহযোগিতা আরও জোরদারের গুরুত্ব তুলে ধরা হয়। সংশ্লিষ্টরা বলেন, শিক্ষার্থীদের গবেষণার সুযোগ এবং বাস্তব শিল্পপরিবেশে কাজের অভিজ্ঞতা দেওয়ার মাধ্যমে ভবিষ্যতের দক্ষ জনবল তৈরিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এ সময় অধ্যাপক আবদুল হান্নানের নেতৃত্বে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ১০ সদস্যের একটি প্রতিনিধিদল বেক্সিমকো ফার্মার টঙ্গী কারখানা পরিদর্শন করে। প্রতিনিধিদলটি কারখানার আধুনিক উৎপাদনব্যবস্থা, মান নিয়ন্ত্রণ প্রক্রিয়া এবং বিভিন্ন উৎপাদনসুবিধা ঘুরে দেখে।

বেক্সিমকো ফার্মার গবেষণাসুবিধা ব্যবহারের সুযোগ এনএসইউর শিক্ষার্থীদের একদিকে বাস্তব শিল্পপ্রক্রিয়া ও আধুনিক উৎপাদনব্যবস্থা সম্পর্কে ধারণা দিচ্ছে, অন্যদিকে তাদের গবেষণার ফলাফলকে দেশের ওষুধশিল্পের প্রয়োজনের সঙ্গে যুক্ত করার সুযোগ তৈরি করছে।

দুই প্রতিষ্ঠান জানিয়েছে, দেশের ওষুধশিল্পের জন্য দক্ষ জনবল তৈরির পাশাপাশি গবেষণা ও উদ্ভাবনকে উৎসাহিত করতে এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখা হবে। বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের পক্ষ থেকে বলা হয়, তরুণ গবেষকদের সুযোগ তৈরি এবং বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিল্প খাতের সম্পর্ক আরও জোরদারের মাধ্যমে বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল খাতের অগ্রগতিতে ভূমিকা রাখতে প্রতিষ্ঠানটি কাজ করছে।
//ডিবিটেক/ আইএইচএম/এমএসআই/এসএমই//