প্রধানমন্ত্রীর ‘লাল টেলিফোন’ লাইনের তার চুরি: গ্রেফতার ২
সচিবালয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ ‘লাল টেলিফোন’ সংযোগের তামার তার চুরির ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।গ্রেফতাররা হলেন সচিবালয়ের আউটসোর্সিং কর্মী রঞ্জন চন্দ্র (২৫) এবং ভাঙারি ব্যবসায়ী রেজাকুল ইসলাম (৩২)। তাদের কাছ থেকে চুরি হওয়া ৮ কেজি ২০০ গ্রাম তামার তার উদ্ধার করা হয়েছে।
৪ জুন, বৃহস্পতিবার বিকেলে ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ এক ব্রিফিংয়ে জানান, সম্প্রতি সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোন সংযোগের তার চুরির একটি স্পর্শকাতর ঘটনা ঘটে। এ ঘটনায় বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল) শাহবাগ থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করে। ঘটনার গুরুত্ব বিবেচনায় সিটিটিসির সিটি ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ ছায়া তদন্ত শুরু করে।
তদন্তের একপর্যায়ে বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ের আউটসোর্সিং কর্মী রঞ্জন চন্দ্রকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি চুরির কথা স্বীকার করেন। তিনি জানান, গত ২২ মে সচিবালয়ের ৩ নম্বর ভবন থেকে তামার তারগুলো চুরি করেন এবং পরে ১ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের সামনের একটি ভাঙারি দোকানে প্রতি কেজি ৬০০ টাকা দরে বিক্রি করে দেন।
তার দেওয়া তথ্যের ভিত্তিতে ভাঙারি ব্যবসায়ী রেজাকুল ইসলামকে গ্রেফতার করা হয়। পরে চকবাজার থানার হোসেনী দালান রোডের একটি গুদাম থেকে চুরি হওয়া তার উদ্ধার করে পুলিশ।
প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, সচিবালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ তার চুরির পেছনে একটি সংঘবদ্ধ চক্র সক্রিয় থাকতে পারে। এ বিষয়ে আরও তদন্ত চলছে বলে জানিয়েছে সিটিটিসি।
এদিকে ব্রিফিংয়ে রাজধানীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কথা বলেন ডিএমপি কমিশনার। তিনি জানান, ঈদুল আজহার ছুটিতে বড় ধরনের কোনো বিশৃঙ্খলা না ঘটলেও বিচ্ছিন্নভাবে চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। তবে এসব ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
মোসলেহ উদ্দিন আহমদ জানান, গত এক মাসে চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে ২ হাজার ৪৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে ৬৫৮ জন চাঁদাবাজ। এছাড়া রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে ৫৭টি পয়েন্টে ৭০টি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ক্যামেরা স্থাপন করা হয়েছে। প্রধান সড়কগুলোতে ব্যাটারিচালিত অটোরিকশার চলাচল নিয়ন্ত্রণে অভিযানও অব্যাহত রয়েছে বলে তিনি জানান।
/ডিবিটেক/এএস/ইকে/





