১৯টি নাগরিক সেবা এখন ডিজিটাল

মাইগভ প্ল্যাটফর্মে যুক্ত হলো ১৫ ক্যান্টনমেন্ট বোর্ড

  • ১৫টি ক্যান্টনমেন্ট বোর্ডের ১৯টি নাগরিক সেবা সরকারি ই-প্ল্যাটফর্ম মাইগভ-এ চালু করা হয়েছে
  • ই-ট্রেড লাইসেন্স, কিউআর কোড সনদ ও ডিজিটাল ফি পরিশোধ করা যাবে ঘরে বসেই
  • মন্ত্রিসভা বিভাগ, ডিএমএলসি ও এটুআই-এর যৌথ উদ্যোগে পেপারলেস গভর্ন্যান্স নিশ্চিতকরণ

মাইগভ প্ল্যাটফর্মে যুক্ত হলো ১৫ ক্যান্টনমেন্ট বোর্ড
২০ অক্টোবর, ২০২৬ ০০:৫১  

নাগরিক সেবা গ্রহণ আরও সহজ, স্বচ্ছ ও পেপারলেস করার লক্ষ্যে দেশের ১৫টি ক্যান্টনমেন্ট বোর্ডের ১৯ ধরনের নাগরিক সেবা সমন্বিত সরকারি সেবা প্ল্যাটফর্ম ‘মাইগভ’ (myGov)-এ অন্তর্ভুক্ত করা হয়েছে।

এটুআই (a2i)-এর প্রকল্প পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ও অতিরিক্ত সচিব মুহাম্মদ আনোয়ার উদ্দিন প্রধান অতিথি হিসেবে সোমবার (১৯ অক্টোবর ২০২৬) বিকেলে আয়োজিত এক ভার্চুয়াল অনুষ্ঠানে এ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর (ডিএমএলসি)-এর উদ্যোগে এবং মন্ত্রিসভা বিভাগের সামগ্রিক তত্ত্বাবধানে এটুআই-এর কারিগরি সহায়তায় মোট ১৮৫টি অনলাইন আবেদন ফরম যুক্ত করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএমএলসি-এর মহাপরিচালক শামীম আহমেদ। এতে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন মন্ত্রিসভা বিভাগের যুগ্ম সচিব (ই-গভর্ন্যান্স) ও এটুআই-এর যুগ্ম প্রকল্প পরিচালক মো. কামরুল হাসান।

নতুন এই ডিজিটাল সিস্টেমে নাগরিকরা ঘরে বসেই ই-ট্রেড লাইসেন্স, নাগরিকত্ব সনদ, ওয়ারিশ সনদ, চারিত্রিক সনদ, পানি ও বিদ্যুৎ সংযোগ, যান চলাচলের পাস, রিকশা-ভ্যান লাইসেন্সসহ নানা সেবার জন্য আবেদন করতে পারবেন। সিস্টেমে ডিজিটাল গেটওয়ের মাধ্যমে অনলাইন ফি পরিশোধের পর কিউআর (QR) কোডযুক্ত ভেরিফায়েড ই-সার্টিফিকেট ডাউনলোড করা যাবে। এছাড়া আবেদনের অগ্রগতি ট্র্যাকিং এবং ফিডব্যাক দেওয়ার সুবিধাও রয়েছে।

ডিএমএলসি ও এটুআই কর্মকর্তারা জানান, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ডে পাইলট প্রকল্পের মাধ্যমে শুরু হওয়া এই ডিজিটালাইজেশন প্রক্রিয়ায় গত আগস্ট ও সেপ্টেম্বরে ১৪০ জন সরকারি কর্মকর্তাকে অনলাইন প্রসেসিং ও ডাটা ভেরিফিকেশনের ওপর প্রশিক্ষণ দেওয়া হয়। এই অটোমেশনের মাধ্যমে এনালগ ফাইল ট্র্যাকিং ও একাধিকবার দাপ্তরিক যাতায়াতের ভোগান্তি সম্পূর্ণ বন্ধ হবে।

//ডিবিটেক/এমআরআই/এসএমপি/ডিএমও//