অপতথ্য মোকাবিলায় অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইল বাংলাদেশ

অপতথ্য মোকাবিলায় অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইল বাংলাদেশ
৪ জুন, ২০২৬ ১৭:২৯  

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যাপক বিস্তারের ফলে ভুল তথ্য ও অপতথ্য ছড়িয়ে পড়া বিশ্বব্যাপী নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। প্রযুক্তি যেমন সভ্যতার অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, তেমনি এর অপব্যবহার নানা সামাজিক ও তথ্যগত সংকটও সৃষ্টি করছে বলে তিনি উল্লেখ করেন।

৪, জুন, বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে নিজ দপ্তরে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

সাক্ষাৎকালে মন্ত্রী বর্তমান সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ, বিশেষ করে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কর্মসূচির অর্থনৈতিক ও সামাজিক গুরুত্ব সম্পর্কে অস্ট্রেলিয়ার হাইকমিশনারকে অবহিত করেন। তিনি বলেন, এসব কর্মসূচি সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

আলোচনায় জহির উদ্দিন স্বপন দেশে গণমাধ্যম কমিশন গঠনের উদ্যোগের বিষয়টিও তুলে ধরেন। তিনি কমিশন গঠনের ক্ষেত্রে অস্ট্রেলিয়ার অভিজ্ঞতা, প্রযুক্তিগত দক্ষতা এবং প্রাতিষ্ঠানিক জ্ঞান কাজে লাগানোর আগ্রহ প্রকাশ করেন এবং এ বিষয়ে সহযোগিতা কামনা করেন।

তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যমের জবাবদিহিতা, পেশাদারিত্ব এবং তথ্যের বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করতে একটি কার্যকর গণমাধ্যম কমিশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

জবাবে অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল বাংলাদেশকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। তিনি দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেন।

সাক্ষাৎকালে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়।

/ডিবিটেক/ইএইচআই/ ইকে/