বর্জ্য থেকে হবে টেকসই জ্বালানি
কক্সবাজারে বায়োগ্যাস প্লান্ট উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী
- কক্সবাজারের চকরিয়ায় বর্জ্যকে সম্পদে রূপান্তরে বায়োগ্যাস প্লান্ট প্রযুক্তি প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন
- তরুণদের আত্মকর্মসংস্থানে ২ জন খামারিকে ২ লাখ টাকা করে ঋণ ও সনদ বিতরণ
- সারা দেশে গ্রিন এনার্জি প্রযুক্তি সম্প্রসারণ ও ঋণসীমা বৃদ্ধির ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর
পরিবেশ সুরক্ষা, জ্বালানি সংকট নিরসন এবং বর্জ্যকে প্রযুক্তির মাধ্যমে প্রক্রিয়াজাত করে সম্পদে রূপান্তরের লক্ষ্যে কক্সবাজার জেলার চকরিয়ায় হাই-টেক ‘বায়োগ্যাস প্লান্ট স্থাপন ও উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ’ কর্মসূচির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।
২০ অক্টোবর, মঙ্গলবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই পরিবেশবান্ধব ও যুগোপযোগী কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক।
অনুষ্ঠানে সিড ফাইন্স ও বায়োগ্যাস প্লান্ট প্রকল্পের পরিচালক এ কে এম মফিজুল ইসলাম, চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার, স্থানীয় খামারি এবং টেকসই কৃষি উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। এ সময় পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করতে ২ জন খামারিকে ২ লক্ষ টাকা করে বিশেষ ঋণ সহায়তা প্রদান এবং প্রশিক্ষণ সম্পন্নকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, “পরিবেশ রক্ষা এবং আমদানিকৃত জ্বালানির ওপর নির্ভরতা কমাতে বায়োগ্যাস প্রযুক্তির ব্যবহার অত্যন্ত সময়োপযোগী। মাত্র ৩টি গরু থাকলেই যেকোনো পরিবার একটি হাই-টেক বায়োগ্যাস প্লান্ট স্থাপন করতে পারে।” তিনি আরও জানান, সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশের তরুণদের আধুনিক প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণের আওতায় এনে বেকারত্ব দূর করা হচ্ছে।
তিনি আরও উল্লেখ করেন, সারা দেশের প্রত্যন্ত অঞ্চলে বায়োগ্যাস প্লান্ট প্রযুক্তির বিস্তারে তরুণদের আত্মকর্মসংস্থান সুনিশ্চিত করতে যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে সহজ শর্তে ঋণ সুবিধা দেওয়া হচ্ছে এবং ঋণের সার্বিক পরিমাণ বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
//ডিবিটেক/এমএনএ/এসএমপি/এমভিএনও//





