মাসে ২০–২৫ দিনের আয়োজন
অনলাইন নিবন্ধনে ডিজে পার্টি, আটক ৮৫
- ঢাকার তিনশ’ ফিটের একটি বাড়িতে এক বছর ধরে নিয়মিত ডিজে পার্টি চলছিল
- অনলাইন নিবন্ধনে জনপ্রতি প্রায় ৬০০ টাকা দিয়ে অংশ নিতেন অতিথিরা
- অভিযানে ৮৫ জন আটক; পুরুষ ও নারীদের কারাদণ্ড ও জরিমানা দেওয়া হয়েছে
রাজধানীর তিনশ’ ফিট এলাকায় অনলাইন নিবন্ধনের মাধ্যমে নিয়মিত ডিজে পার্টির আয়োজন করা হচ্ছিল একটি ভাড়া বাড়িতে। গত এক বছর ধরে মাসে ২০ থেকে ২৫ দিন এসব পার্টি বসত। অংশগ্রহণকারীদের বেশির ভাগই উচ্চবিত্ত পরিবারের সদস্য ও তাঁদের সন্তান বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ। পার্টিতে প্রবেশের জন্য অনলাইনে নিবন্ধন করতে হতো এবং জনপ্রতি দিতে হতো প্রায় ৬০০ টাকা।
বুধবার (২১ অক্টোবর) দুপুরে নিজ কার্যালয়ে এসব তথ্য জানান ডিএমপির গোয়েন্দা উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইলিয়াস কবির।
তিনি জানান, ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে পাওয়া গোপন তথ্যের ভিত্তিতে বাড়িটিতে অভিযান চালানো হয়। পুলিশ ভবনে প্রবেশ করে ডিজে পার্টির আয়োজন দেখতে পায়। সেখানে প্রায় ২২টি গাড়ি ছিল। ভেতরে উচ্চ শব্দে গান বাজছিল এবং সীসা সেবনের কারণে পরিবেশ ধোঁয়াচ্ছন্ন ছিল।
অভিযানের সময় ভবনটিতে ২৬ জন তরুণী ছিলেন। তাঁদের অধিকাংশের বয়স ২০ থেকে ২২ বছরের মধ্যে। ইলিয়াস কবির জানান, আটক নারীদের সবাই শিক্ষার্থী। তাঁদের মধ্যে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। আটক পুরুষদের মধ্যে কেউ শিক্ষার্থী, কেউ করপোরেট প্রতিষ্ঠানে চাকরি করেন, আবার কেউ ব্যবসায়ী।
অনলাইন প্ল্যাটফর্মে নিবন্ধন
ডিসি ইলিয়াস কবির জানান, এয়ারবিএনবি ও ট্রাভেলা নামের অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে এসব পার্টির আয়োজন করা হতো। অনলাইনে নিবন্ধন করে অংশগ্রহণকারীরা সেখানে যোগ দিতেন। প্রতি মাসে ২০ থেকে ২২টি আয়োজন হতো বলে তিনি জানান। প্রতিটি আয়োজনে অংশ নিতে জনপ্রতি প্রায় ৬০০ টাকা দিতে হতো। বাড়ি ভাড়া বাবদও অর্থ লেনদেনের তথ্য পাওয়া গেছে।
পুলিশ অভিযানে প্রবেশ করার পর পার্টি বন্ধ হয়ে যায়। উপস্থিত ব্যক্তিরা ভবনের বিভিন্ন কক্ষে চলে যান। বাড়িটিতে মোট পাঁচটি কক্ষ ছিল।
অভিযানে মদের তিনটি বোতল, ইয়াবা এবং কুশ নামের একটি মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এ ছাড়া যৌনস্বাস্থ্য-সংশ্লিষ্ট সামগ্রীও উদ্ধার করা হয়।
আটক ৮৫ জনের বিরুদ্ধে ব্যবস্থা
বাড়িটি থেকে আটক ৮৫ জনের বিরুদ্ধে নেওয়া ব্যবস্থার বিষয়ে ইলিয়াস কবির জানান, পুরুষদের এক মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা দিতে ব্যর্থ হলে তাঁদের আরও ১৫ দিন কারাভোগ করতে হবে।
অন্যদিকে, নারীদের ১৫ দিনের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাঁদের আরও তিন দিন কারাভোগ করতে হবে।
//ডিবিটেক/বিটিআর/এসএমই/এমভিএনও//





