৬৪ জেলায় স্ক্রিনিংয়ের বিশেষ আহ্বান

অস্টিওপোরোসিসে ৬০ লাখ আক্রান্তের আশঙ্কায় জুবাইদা রহমান

  • দেশে প্রায় ৬০ লাখ মানুষ হাড়ের ক্ষয়জনিত অস্টিওপোরোসিস ব্যাধিতে আক্রান্ত বলে প্রকাশ
  • ৬৪ জেলায় ডেক্সাস্ক্যান ও ফ্রেক্স-টুলস ভিত্তিক ডিজিটাল স্ক্রিনিং বাস্তবায়নে ডা. জুবাইদা রহমানের প্রস্তাব
  • উত্তর-মধ্য বাংলাদেশে ৪৫-৮০ বছর বয়সী ৮৩ শতাংশ নারীর হাড়ের ঘনত্ব ঘাটতির গবেষণা পেশ

অস্টিওপোরোসিসে ৬০ লাখ আক্রান্তের আশঙ্কায় জুবাইদা রহমান
২০ অক্টোবর, ২০২৬ ১৭:০৪  

হাড় দুর্বল, পাতলা ও ছিদ্রযুক্ত হয়ে যাওয়ার নীরব ব্যাধি অস্টিওপোরোসিস মোকাবিলায় আধুনিক প্রযুক্তিনির্ভর ডাটা কালেকশন, ডেক্সাস্ক্যান (DEXA scan) এবং ফ্র্যাকচার রিস্ক অ্যাসেসমেন্ট টুল (FRAX) ব্যবহারের মাধ্যমে দেশের ৬৪ জেলায় সমন্বিত স্ক্রিনিং চালুর ওপর গুরুত্বারোপ করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

২০ অক্টোবর, মঙ্গলবার বিশ্ব অস্টিওপোরোসিস দিবস উপলক্ষে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত ‘অস্টিওপোরোসিস: প্রতিরোধযোগ্য মহামারি’ শীর্ষক এক বৈজ্ঞানিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতাল ভবনের কনভেনশন হলে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে ডা. জুবাইদা রহমান বলেন, “২০২৫ সালের পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশে প্রায় ৬০ লাখ মানুষ অস্টিওপোরোসিসে আক্রান্ত বলে ধারণা করা হয়। তবে বর্তমানে আক্রান্তের প্রকৃত সংখ্যা আরও বেশি।” উত্তর-মধ্য বাংলাদেশের ৪৫ থেকে ৮০ বছর বয়সী নারীদের ওপর পরিচালিত একটি গবেষণার তথ্য তুলে ধরে তিনি জানান, ওই অঞ্চলে অস্টিওপোরোসিসের প্রাদুর্ভাব ৪০ শতাংশ এবং অস্টিওপেনিয়ার প্রাদুর্ভাব ৪৩ দশমিক ৫ শতাংশ। অর্থাৎ ৮০ শতাংশের বেশি নারীর হাড়ের খনিজ ঘনত্বে তীব্র ঘাটতি রয়েছে।

পরিস্থিতি মোকাবিলায় জাতীয় 'অস্টিওপোরোসিস সোসাইটি' গঠন এবং দেশের ১ লাখ স্বাস্থ্যকর্মীকে ডিজিটাল হেলথ ট্র্যাকিং অ্যাপসের আওতায় এনে দেশব্যাপী জনসচেতনতা ছড়ানোর প্রস্তাব দেন তিনি। যেসব গ্রামীণ এলাকা বা জেলা হাসপাতালে উন্নত হাড় ঘনত্ব নির্ণয়ের ব্যবস্থা নেই, সেখানে ডিজিটাল ফ্র্যাকচার রিস্ক অ্যাসেসমেন্ট অ্যালগরিদম টুল ব্যবহার করে প্রাথমিক ঝুঁকি নিরূপণের পরামর্শ দেন এই চিকিৎসক।

ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈজ্ঞানিক সেমিনারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার ও ডা. আব্দুস সালাম এমপি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। অনুষ্ঠান শেষে আধুনিক রোগ নির্ণয় পদ্ধতি ও চিকিৎসা নিয়ে বিশেষজ্ঞ প্যানেল আলোচনা ও সায়েন্টিফিক কুইজ অনুষ্ঠিত হয়।

//ডিবিটেক/জেএনওআর/এসএমপি/এমভিএনও//