নিরাপত্তা বেষ্টনীতে বিদ্যুৎকেন্দ্রে ইউরেনিয়াম প্রবেশ
রূপপুরে পৌঁছাল দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়ামের প্রথম চালান
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের প্রথম ইউরেনিয়াম চালান প্রকল্প এলাকায় পৌঁছেছে
- পাকিস্তান আকাশসীমা অনুমতি না দেওয়ায় কার্গো ফ্লাইটের শিডিউল পুনর্নির্ধারণ করা হয়
- ভিভিইআর-১২০০ প্রযুক্তির দুটি ইউনিটে মোট উৎপাদন ক্ষমতা দাঁড়িয়েছে ২,৪০০ মেগাওয়াট
পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের (RNPP) দ্বিতীয় ইউনিটের জন্য রাশিয়া থেকে আমদানিকৃত পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামের প্রথম চালান পৌঁছানোর মাধ্যমে দেশের পারমাণবিক জ্বালানি সরবরাহে একটি নতুন মাইলফলক অর্জিত হয়েছে।
২১ অক্টোবর, বুধবার সকাল ১০টা ৫ মিনিটে কঠোর সামরিক ও বিশেষ নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে ইউরেনিয়াম বহনকারী বিশেষ গাড়িবহর প্রকল্প এলাকায় প্রবেশ করে। এতে কর্মরত বাংলাদেশি পরমাণু বিজ্ঞানী ও রাশিয়ার ‘রোসাটম’ (Rosatom)-এর প্রকৌশলীরা ইউরেনিয়ামের চালানটিকে আনুষ্ঠানিক অভিবাদন জানান।
এর আগে গত ২ অক্টোবর ২০২৬ রাত সাড়ে ১১টায় রাশিয়ার বিশেষ এয়ার কার্গো বিমানে ইউরেনিয়ামের চালানটি ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে। প্রকল্প সূত্রের বরাতে জানা যায়, গত ২৪ সেপ্টেম্বর এই চালানটি বাংলাদেশে পৌঁছানোর কথা থাকলেও রাশিয়া থেকে ট্রানজিটের সময় পাকিস্তানের আকাশসীমা (Airspace) ব্যবহারের অনুমতি মেলেনি। ফলে ফ্লাইটের রুট ও শিডিউল পরিবর্তন করে নতুন তারিখে নিরাপদে চালানটি ঢাকায় আনা হয়।
রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থা রোসাটমের সরবরাহ সূচি অনুযায়ী, অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে মোট ৯টি বিশেষ ফ্লাইটে রূপপুরের জন্য প্রয়োজনীয় পারমাণবিক জ্বালানি আসবে। এর মধ্যে প্রথম ইউনিটের জন্য অতিরিক্ত ৪৮টি এবং দ্বিতীয় ইউনিটের জন্য ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি আনার পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে।
অন্য দিকে, থার্ড জেনারেশন প্লাস (Gen III+) ভিভিইআর-১২০০ (VVER-1200) রিঅ্যাক্টর সমৃদ্ধ রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কমিশন কার্যক্রমে বড় সাফল্য এসেছে। ইউনিটটির সেফটি ভালভের ১৬ মেগাপ্যাসকেল (16 MPa) উচ্চচাপ পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। ক্রমান্বয়ে টেস্ট রান ও ট্রায়াল জেনারেশনের মাধ্যমে শিগগিরই জাতীয় গ্রিডে বিদ্যুত সংযোগ দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছেন প্রযুক্তিবিদরা। রূপপুরের ১,২০০ মেগাওয়াটের দুটি ইউনিট চালু হলে জাতীয় গ্রিডে মোট ২,৪০০ মেগাওয়াট নিরবচ্ছিন্ন ও পরিবেশবান্ধব বিদ্যুৎ যুক্ত হবে।
//ডিবিটেক/ডিপিবিসি/এসএমই/এমভিএনও//





