সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় মন্ত্রীর আহ্বান
মধুপুরে দুর্গাপূজায় টেলিকম নিরাপত্তা প্রযুক্তি ব্যবহারের নির্দেশ
- মধুপুরে পূজামণ্ডপ পরিদর্শনে টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম
- ডিজিটাল মনিটরিং ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারির সার্বিক দিকনির্দেশনা প্রদান
- ৬০টি মণ্ডপে আর্থিক সহায়তা এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পোশাক বিতরণ
শারদীয় দুর্গোৎসবে সার্বিক ডিজিটাল ট্র্যাকিং, টেলিকম অবকাঠামোর সঠিক ব্যবহার ও নিরবচ্ছিন্ন যোগাযোগ নিশ্চিত করে প্রতিটি পূজামণ্ডপের নিরাপত্তা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর নির্দেশ প্রদান করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম। এসময় সরকারের কাছে প্রতিটি নাগরিক সমান উল্লেখ করে গত নির্বাচনের অভিজ্ঞতা তুলে ধরে মন্ত্রী বলেছেন, ‘আগে হিন্দু সম্প্রদায়ের মানুষের একটা দলের প্রতি দুর্বলতা ছিলো। গত নির্বাচনে প্রমাণিত হয়েছে তারা দল কানা নয়।
টাঙ্গাইলের মধুপুর উপজেলার বিভিন্ন শারদীয় দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন এবং মধুপুর উপজেলা ও পৌর বিএনপি কার্যালয়ে আয়োজিত আর্থিক সহায়তা ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে ১৯ অক্টোবর, সোমবার প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
পরিদর্শনকালে মন্ত্রী বলেন, ‘ধর্ম যার যার, দেশটা সবার। বাংলাদেশ প্রযুক্তিগত অগ্রগতি ও আধুনিকতায় এগিয়ে যাওয়ার পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের তথ্য প্রযুক্তিগত নিরাপত্তা ও নির্বিঘ্নে ধর্মীয় উৎসব পালনের পরিবেশ সুনিশ্চিত করা সরকারের অঙ্গীকার।’ তিনি জানান, দুর্গোৎসবের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ডিজিটাল সার্ভেইল্যান্স ও ড্রোন মনিটরিং প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্ব দিয়ে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমান সার্বিক বিষয়টি ব্যক্তিগতভাবে তদারকি করছেন।
অনুষ্ঠানে মন্ত্রী মধুপুর উপজেলার ৬০টি পূজা মণ্ডপের অনুকূলে অনুদান ও পোশাক বিতরণ করেন। পাশাপাশি স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও পূজা উদযাপন কমিটিকে যেকোনো অপতথ্য প্রতিরোধে হটলাইন ও টেলিযোগাযোগ ব্যবস্থার সঠিক ব্যবহারের আহ্বান জানান। তিনি সতর্ক করে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম বা সরাসরি কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
দিনব্যাপী পরিদর্শনের অংশ হিসেবে মন্ত্রী মধুপুরের শ্রী শ্রী মদন গোপাল দেব বিগ্রহ আঙ্গিনা পূজা মণ্ডপ, সৎসংঘ পূজা মণ্ডপ, বিড়ি ফ্যাক্টরি সংলগ্ন পূজা মণ্ডপ, ঘোষ পল্লী পূজা মণ্ডপ এবং চৌধুরীপাড়া পূজা মণ্ডপ ঘুরে দেখেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
অনুষ্ঠানে টাঙ্গাইলের পুলিশ সুপার শামসুল আলম সরকার, মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজাই প্রিন্সসহ স্থানীয় নেতৃবৃন্দ এবং পূজা উদ্যাপন কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
//ডিবিটেক/জেডইউআইপি/এসএমই/বিপিও//





