৩৬টি পূজামণ্ডপে নগদ অর্থ সহায়তা
ধনবাড়ীতে ডিজিটাল মনিটরিংয়ে দুর্গোৎসব উদযাপন নিশ্চিতের আহ্বান
- ধনবাড়ীতে শারদীয় দুর্গোৎসবে টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম
- সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ধর্মীয় উৎসব ও সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব রোধে কড়া নির্দেশ
- ৩৬টি মণ্ডপে আর্থিক সহায়তা, বস্ত্র বিতরণ এবং ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির চারা রোপণ
ধর্মীয় উৎসবের নিরাপত্তা রক্ষায় আধুনিক টেলিকম যোগাযোগ অবকাঠামো ও সার্বিক প্রযুক্তিগত মনিটরিং নিশ্চিত করে বিভেদহীন সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।
২০ অক্টোবর, মঙ্গলবার টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা ও পৌর বিএনপি কার্যালয়ে আয়োজিত শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৩৬টি পূজামণ্ডপে নগদ অর্থ সহায়তা এবং সনাতন ধর্মাবলম্বীদের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে মন্ত্রী জানান, “ধর্ম যার যার, দেশটা সবার—এই চেতনাকে ধারণ করে প্রযুক্তি ও উন্নয়নের সুফল নিয়ে আমাদের সবাইকে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক বা ডিজিটাল মাধ্যম ব্যবহার করে কোনো প্রকার গুজব ছড়ানো বা বিভাজন সৃষ্টি করা কোনোভাবেই কাম্য নয়।” তিনি প্রতিটি মণ্ডপে শান্তি বজায় রাখতে সর্বস্তরের মানুষকে সচেতন থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে মন্ত্রী তার ব্যক্তিগত তহবিল থেকে নগদ অর্থ সহায়তা এবং প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত শাড়ি সনাতন ধর্মাবলম্বীদের হাতে তুলে দেন। পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর পরিবারের পক্ষ থেকে শারদীয় দুর্গোচ্ছবের শুভেচ্ছা জানিয়ে দেশের সমৃদ্ধি ও প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য কামনায় দোয়া ও আশীর্বাদ প্রার্থনা করেন।
এর আগে মন্ত্রী মধুপুর উপজেলা পরিষদে নবনির্মিত প্রযুক্তি সুবিধাসংবলিত পরিদর্শন কক্ষ উদ্বোধন করেন। পরে সরকারের পরিবেশবান্ধব কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে ২৫ কোটি বৃক্ষরোপণ পরিকল্পনার আওতায় ধনবাড়ী উপজেলা পরিষদ প্রাঙ্গণে চারা রোপণ করেন।
ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি এস এম এ সোবাহান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বপন, হিন্দু ঐক্যফ্রন্টের সভাপতি নিরঞ্জন চন্দ্র সাহাসহ স্থানীয় নেতৃবৃন্দ ও সনাতন ধর্মের প্রতিনিধিরা।
//ডিবিটেক/জেডইউআইপি/এসএমই/এমভিএনও//





