নতুন জিমেইলে ১৫ জিবি স্টোরেজ পেতে লাগবে ফোন নাম্বার
নতুন গ্রাহকদের জন্য জিমেইল অ্যাকাউন্টের ফ্রি স্টোরেজ সুবিধায় বড় ধরনের পরিবর্তন আনছে গুগল। নির্দিষ্ট কিছু অঞ্চলে নতুন ব্যবহারকারীদের অ্যাকাউন্ট খোলার পর প্রাথমিকভাবে মাত্র ৫ জিবি স্টোরেজ দেওয়া হচ্ছে, যা সাধারণ ১৫ জিবির চেয়ে অনেক কম। তবে বাকি ১০ জিবি স্টোরেজ পেতে হলে ব্যবহারকারীকে নিজের ফোন নম্বর শেয়ার করতে হবে। গুগলের এমন নীতি নিয়ে ইতিমধ্যেই প্রযুক্তি বিশ্বে বিতর্ক শুরু হয়েছে।
প্রযুক্তিবিষয়ক পোর্টাল ‘অ্যান্ড্রয়েড অথরিটি’ জানিয়েছে, গুগলের দীর্ঘদিনের জনপ্রিয় ১৫ জিবি ফ্রি ক্লাউড স্টোরেজ সুবিধা হয়তো শিগগিরই শেষ হতে চলেছে। আপাতত নির্দিষ্ট কিছু অঞ্চলে এই পরীক্ষা চালানো হলেও, এটি সফল হলে বিশ্বব্যাপী নতুন অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে এই নিয়মই স্থায়ী হতে পারে। অবশ্য পুরোনো বা বর্তমান জিমেইল ব্যবহারকারীদের ওপর এই নিয়মের কোনো প্রভাব পড়বে না।
গুগলের যুক্তি বনাম গ্রাহকদের ক্ষোভ
নতুন গ্রাহকদের কাছে পাঠানো বার্তায় গুগল জানিয়েছে, একজন ব্যক্তি যেন একাধিকবার এই বাড়তি স্টোরেজ সুবিধা নিতে না পারেন, তা নিশ্চিত করতেই ফোন নাম্বার চাওয়া হচ্ছে।
তবে অ্যান্ড্রয়েড অথরিটির কাছে গুগল ভিন্ন ব্যাখ্যা দিয়ে বলেছে, মূলত অ্যাকাউন্টের নিরাপত্তা জোরদার এবং তথ্য পুনরুদ্ধারের সুবিধা বাড়াতেই গ্রাহকদের ফোন নাম্বার দিতে উৎসাহিত করা হচ্ছে।
এদিকে গুগলের এই সিদ্ধান্তকে ইতিবাচকভাবে নিচ্ছেন না অনেক ব্যবহারকারী। জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম ‘রেডিট’-এ এক ব্যবহারকারী একে "তথ্যের বিনিময়ে ঘুষ" হিসেবে আখ্যা দিয়েছেন।
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, বিশ্বজুড়ে প্রায় ২০০ কোটির বেশি জিমেইল অ্যাকাউন্ট রয়েছে। ফলে নতুন ব্যবহারকারীদের ফ্রি ডেটা কিছুটা কমিয়ে আনতে পারলে গুগলের বিপুল পরিমাণ খরচ বেঁচে যাবে।
সাধারণত একটি গুগল অ্যাকাউন্ট খুললে জিমেইল, গুগল ড্রাইভ, ডকস ও ফটোজের মতো সেবাগুলোর জন্য মোট ১৫ জিবি ফ্রি স্টোরেজ পাওয়া যায়। তবে গুগলের নতুন এই 'শর্তযুক্ত' স্টোরেজ নীতি শেষ পর্যন্ত বিশ্বব্যাপী চালু হয় কি না, সেটাই এখন দেখার বিষয়।
ডিবিটেক/বিএমটি । সূত্র: ফোর্বস



