ডব্লিউডব্লিউডিসি ২০২৬: আসছে অ্যাপলের ৫ নতুন হার্ডওয়্যার

ডব্লিউডব্লিউডিসি ২০২৬: আসছে অ্যাপলের ৫ নতুন হার্ডওয়্যার
৩১ মে, ২০২৬ ১৭:৫৪  

আর মাত্র এক সপ্তাহের কিছু বেশি সময় বাকি। আগামী ৮ জুন থেকে শুরু হতে যাচ্ছে অ্যাপলের ইতিহাসের অন্যতম বৃহত্তম আয়োজন ‘ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপারস কনফারেন্স’ বা ডব্লিউডব্লিউডিসি ২০২৬। বিশ্বজুড়ে অ্যাপল ভক্ত ও প্রযুক্তি বিশ্লেষকদের চোখ এখন এই ইভেন্টের দিকে। এবারের মূল আকর্ষণ হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ‘আইওএস ২৭’, সম্পূর্ণ নতুন রূপের কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত ‘এআই সিরি’ এবং একগুচ্ছ চমকপ্রদ সফটওয়্যার আপডেট।

বাজারের গুঞ্জন অনুযায়ী, এবার কোনো নতুন হার্ডওয়্যার বা ডিভাইস উন্মোচনের সম্ভাবনা ক্ষীণ এবং পুরো ইভেন্টটি কেবল ‘সফটওয়্যার-কেন্দ্রিক’ হতে যাচ্ছে। তবে টেক পাড়ায় আলোচনা চলছে ৫টি আপকামিং অ্যাপল প্রোডাক্ট নিয়ে, যা সমস্ত পূর্বাভাসকে বুড়ো আঙুল দেখিয়ে ডব্লিউডব্লিউডিসির মঞ্চে সারপ্রাইজ বা আকস্মিক চমক হিসেবে হাজির হতে পারে।

এম৫ ম্যাক স্টুডিও এবং ম্যাক মিনি
পেশাদার অ্যাপল ব্যবহারকারী এবং ডেভেলপারদের কাছে অত্যন্ত জনপ্রিয় দুটি কম্পিউটার হলো ম্যাক স্টুডিও এবং ম্যাক মিনি। বর্তমানে আন্তর্জাতিক বাজারে এই দুটি ডিভাইসের অনেকগুলো হাই-এন্ড মডেলের সরবরাহ ঘাটতি রয়েছে এবং এগুলো ‘ব্যাকঅর্ডার’ হয়ে আছে।

বছরের মাঝামাঝি সময়ে ‘এম৫’ প্রসেসর চালিত নতুন ম্যাক স্টুডিও এবং ম্যাক মিনি বাজারে আসার জোরালো সম্ভাবনা ছিল, যা ডব্লিউডব্লিউডিসি-কে পণ্য দুটির আত্মপ্রকাশের জন্য সবচেয়ে আদর্শ মঞ্চ হিসেবে দাঁড় করিয়েছিল। যেহেতু এই ইভেন্টটি মূলত সফটওয়্যার ডেভেলপারদের জন্য, তাই এম৫ চিপের মতো শক্তিশালী কম্পিউটারের ঘোষণা তাদের দারুণভাবে উজ্জীবিত করত।

তবে ব্লুমবার্গের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে মেমোরি চিপের তীব্র সংকটের কারণে এম৫ আল্ট্রা চিপ সমৃদ্ধ ম্যাক স্টুডিওর উন্মোচন আগামী অক্টোবর পর্যন্ত পিছিয়ে গেছে। তবে আশাবাদী বিশ্লেষকদের মতে, চিপের এই ঘাটতি কেবল বর্তমান মডেলগুলোর ওপর প্রভাব ফেলছে। অ্যাপল যদি আগে থেকেই এম৫ চিপের উৎপাদন কোটা সংরক্ষণ করে থাকে, তবে এই ইভেন্টেই নতুন ম্যাক মিনি বা ম্যাক স্টুডিওর দেখা মিললেও মিলতে পারে।

হোম প্রোডাক্টস: নতুন অ্যাপল টিভি ফোরকে, হোমপড ৩ এবং হোমপড মিনি ২
অ্যাপলের অন্দরমহলের খবর—প্রতিষ্ঠানটি ইতিমধ্যেই তাদের ঘরোয়া বা হোম ক্যাটাগরির ৪টি নতুন ডিভাইস তৈরি করে বসে আছে। কিন্তু একটি মাত্র কারণে এগুলো বাজারে ছাড়া হচ্ছে না, আর তা হলো—নেক্সট-জেনারেশন বা নতুন ‘এআই সিরি’। এই ৪টি পণ্যের মধ্যে রয়েছে: নতুন অ্যাপল টিভি ফোরকে: এতে এ১৭ প্রো চিপ ও এইচডিএমআই পাসথ্রু সুবিধা থাকার কথা রয়েছে। এছাড়া আসছে হোমপড ৩, হোমপড মিনি ২ এবং হোমপ্যাড বা হোমপড টাচ।

আইওএস ২৭ এবং নতুন সিরি চ্যাটবটের পূর্ণাঙ্গ সংস্করণ ব্যবহারকারীদের হাতে পৌঁছাবে আগামী সেপ্টেম্বরে। তবে অ্যাপল চাইলে ডব্লিউডব্লিউডিসির মঞ্চেই নতুন অ্যাপল টিভি ফোরকে এবং হোমপড সিরিজের ঘোষণা দিয়ে সারপ্রাইজ দিতে পারে।

অ্যাপলের বিপণন কৌশল হতে পারে এমন—তারা সিরির নতুন এআই ক্ষমতার প্রদর্শনীর পাশাপাশি এই ডিভাইসগুলো উন্মোচন করবে। ক্রেতাদের উদ্দেশ্যে তারা বলবে, “আজই এই দুর্দান্ত নতুন হার্ডওয়্যারগুলো সংগ্রহ করুন, আর আগামী সেপ্টেম্বর মাসে আইওএস ২৭ রিলিজ হলেই এগুলো স্বয়ংক্রিয়ভাবে নতুন ‘এআই সিরি’ ও অ্যাপল ইন্টেলিজেন্সের ফুল সাপোর্ট পেয়ে যাবে।” এটি করা হলে ইভেন্টে ‘টিভিওএস ২৭’ সংক্রান্ত অংশটি বেশ জমকালো হবে, অন্যথায় টিভিওএস নিয়ে আলোচনার পরিধি খুবই সংক্ষিপ্ত হয়ে পড়বে।

অ্যাপল শেষ মুহূর্তে কী চমক রাখবে, তা নিশ্চিত করে বলা কঠিন। তবে প্রযুক্তি দুনিয়ার মূল ফোকাস এখন ক্যালিফোর্নিয়ার দিকে, যেখানে টিম কুকের যুগের শেষ ডব্লিউডব্লিউডিসি-তে অ্যাপল তাদের কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ রূপরেখা উন্মোচন করতে যাচ্ছে।

ডিবিটেক/বিএমটি   ।   সূত্র: ৯টু৫ম্যাক