ডুয়েটে ভিসি নিয়োগ নিয়ে রণক্ষেত্র, শিক্ষার্থী-বহিরাগত সংঘর্ষে আহত ১৫

ডুয়েটে ভিসি নিয়োগ নিয়ে রণক্ষেত্র, শিক্ষার্থী-বহিরাগত সংঘর্ষে আহত ১৫
১৭ মে, ২০২৬ ১৯:৫০  

নতুন উপাচার্য (ভিসি) নিয়োগকে কেন্দ্র করে দুই পক্ষের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)। আজ রোববার (১৭ মে) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শুরু হওয়া এই সংঘাত পরে পুরো ক্যাম্পাসে ছড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে গাজীপুর জেলা পুলিশের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট ক্যাম্পাসে অবস্থান নিয়ে কাজ করছে।

গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, গত বৃহস্পতিবার (১৪ মে) বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল হোসেনকে নিয়োগ দেয় কর্তৃপক্ষ। এই নিয়োগের প্রজ্ঞাপন জারি হওয়ার পরপরই ওইদিন রাতে বিশ্ববিদ্যালয়ের ভেতরে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন এবং একপর্যায়ে প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। এর ধারাবাহিকতায় আজ রোববার সকালে শিক্ষার্থীরা ফের আন্দোলন শুরু করলে কিছু বহিরাগত লোক নতুন ভিসির পক্ষ নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করে শিক্ষার্থীদের ওপর চড়াও হয়। এতেই দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের সূত্রপাত ঘটে।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীদের দাবি, ডুয়েট একটি বিশেষায়িত প্রকৌশল বিশ্ববিদ্যালয় হওয়ায় এখানকার একাডেমিক ও প্রশাসনিক বাস্তবতা সাধারণ বিশ্ববিদ্যালয়ের চেয়ে ভিন্ন। তাই এই প্রতিষ্ঠানের শিক্ষা ব্যবস্থা ও প্রশাসনিক চ্যালেঞ্জ মোকাবিলায় কোনো বহিরাগতকে না এনে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব শিক্ষকদের মধ্য থেকেই যোগ্য একজনকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া প্রয়োজন। ডুয়েটের শিক্ষক প্রতিনিধি ও সাধারণ শিক্ষার্থীরা শুরু থেকেই এই দাবি জানিয়ে আসছেন।

সার্বিক পরিস্থিতি নিয়ে গাজীপুরের পুলিশ সুপার মো. শরিফ উদ্দিন জানান, ডুয়েটে নতুন উপাচার্য নিয়োগের পর থেকে গত দুই দিন ধরেই শিক্ষার্থীদের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছিল, যার জের ধরে আজ সকালে এই অপ্রীতিকর ঘটনা ঘটে। বর্তমানে অতিরিক্ত পুলিশ সদস্য ঘটনাস্থলে অবস্থান করছেন এবং ক্যাম্পাসের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

ডিবিটেক/এনআই/এমআই