টেলিকম অবকাঠামো লাইসেন্স পেল সেনাকল্যাণ মালিকানাধীন এটিসিএল

টেলিকম অবকাঠামো লাইসেন্স পেল সেনাকল্যাণ মালিকানাধীন এটিসিএল
১৫ মে, ২০২৬ ০০:০০  

বাংলাদেশের টেলিকম খাতের অবকাঠামো উন্নয়নে বড় পরিবর্তন আসতে যাচ্ছে। দেশের মোবাইল নেটওয়ার্ক টাওয়ার এবং ফাইবার অপটিক নেটওয়ার্কের মতো গুরুত্বপূর্ণ কারিগরি অবকাঠামো নির্মাণ ও ব্যবস্থাপনায় যুক্ত হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত একটি প্রতিষ্ঠান। বেসকারি বাংলাফোনের সঙ্গে এই সেবাদাতা বিদ্যমান ছয়টি কোম্পানির সঙ্গে নতুন লাইসেন্সিং কাঠামোর অধীনে দ্বিতীয় প্রতিষ্ঠান হিসেবে ‘টেলিকমিউনিকেশন ইনফ্রাস্ট্রাকচার শেয়ারিং’ লাইসেন্স পেল  আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের অধীন আর্মি ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (এটিসিএল)।

টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসিতে আবেদনের পর মন্ত্রণালয় থেকে এই অনুমোদন পাওয়ার কথা নিশ্চিত হওয়া গেছে। একইসঙ্গে আবেদন করা বিসিসি, ম্যাঙ্গো টেলিসার্ভিস ও ভিওন গ্রুপও এই লাসেন্সের জন্য আবেদন করেছিল। তবে এগুলোর মধ্যে চূড়ান্ত হয়েছে এটিসিএল।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাতীয় নিরাপত্তা ও কৌশলগত গুরুত্বের কথা বিবেচনা করে সেনাবাহিনীর এই প্রতিষ্ঠানটিকে লাইসেন্স দেওয়া হয়েছে। বিটিআরসির উচ্চপর্যায়ের এক বৈঠক সূত্রে এ তথ্য জানাগেছে। সূত্রমতে, বর্তমান টেলিকম নীতিমালার আওতায় বেসরকারি টাওয়ার অপারেটরগুলোর পাশাপাশি এখন থেকে রাষ্ট্রীয় এই সংস্থাও বড় পরিসরে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারবে।

জানাগেছে, এই লাইসেন্সের মাধ্যমে প্রতিষ্ঠানটি মোবাইল অপারেটরদের টাওয়ার শেয়ারিং সুবিধা প্রদান করতে পারবে, যা দেশের দুর্গম এবং সীমান্ত এলাকাগুলোতে নেটওয়ার্ক কভারেজ বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখবে। সেনাবাহিনীর দক্ষ প্রকৌশলী ও কারিগরি সক্ষমতাকে কাজে লাগিয়ে টেলিযোগাযোগ সেবার মান আরও উন্নত করা সম্ভব হবে বলে সংশ্লিষ্ট মহলে আশা প্রকাশ করা হয়েছে।

বিটিআরসি সূত্র বলছে, সকল আইনি ও নীতিগত শর্ত মেনেই এই লাইসেন্সটি অনুমোদন দেওয়া হয়েছে। এ ছাড়া, অবকাঠামো খাতে একচেটিয়া আধিপত্য রোধ এবং প্রতিযোগিতামূলক বাজার নিশ্চিত করার লক্ষ্যেই নতুন এই পক্ষকে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে তাদের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে। 

ডিবিটেক/টিডিএস/ইকে