ডুয়েটে 'বহিরাগত' উপাচার্য নিয়োগের প্রতিবাদে শিক্ষার্থীদের সড়ক অবরোধ ও বিক্ষোভ
গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৪ মে) রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হওয়া এই বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একপর্যায়ে ঢাকা-শিমুলতলী আঞ্চলিক সড়কে অবস্থান নেয়।
বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ শিক্ষকদের মধ্য থেকে উপাচার্য নিয়োগের দাবিতে শিক্ষার্থীরা এই আন্দোলনে নামেন। সরকারের পক্ষ থেকে নতুন উপাচার্য নিয়োগের প্রজ্ঞাপন জারির পরপরই শিক্ষার্থীরা তা প্রত্যাখ্যান করেন। আন্দোলনকারীদের দাবি, ডুয়েট একটি বিশেষায়িত প্রকৌশল বিশ্ববিদ্যালয় হওয়ায় এখানকার একাডেমিক কাঠামো, প্রশাসনিক চ্যালেঞ্জ এবং শিক্ষার্থীদের বাস্তব পরিস্থিতি সম্পর্কে নিজস্ব শিক্ষকদের ধারণা অনেক বেশি স্বচ্ছ। ফলে বিশ্ববিদ্যালয়ের দীর্ঘমেয়াদি উন্নয়ন ও টেকসই পরিকল্পনা বাস্তবায়নে অভ্যন্তরীণ শিক্ষক নিয়োগ দেওয়া অপরিহার্য।
বিক্ষোভ চলাকালীন শিক্ষার্থীরা ‘ডুয়েটের ভিসি ডুয়েট থেকেই চাই’ স্লোগান দিয়ে সড়কে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানান, যার ফলে ঢাকা-শিমুলতলী আঞ্চলিক সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীদের এই দাবির সঙ্গে সংহতি জানিয়ে এর আগে ডুয়েট শিক্ষক সমিতিও এক জরুরি সভায় অভ্যন্তরীণ জ্যেষ্ঠ শিক্ষকদের মধ্য থেকে উপাচার্য নিয়োগের আহ্বান জানিয়েছিল।
গাজীপুর সদর মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিস্থিতি সম্পর্কে জানান, নতুন উপাচার্য নিয়োগের প্রতিবাদে শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিলেও রাত ১১টার দিকে তারা ক্যাম্পাসে ফিরে যান। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং ক্যাম্পাসে শান্ত পরিস্থিতি বিরাজ করছে। তবে বিশ্ববিদ্যালয়ের স্বার্থ রক্ষায় অভ্যন্তরীণ নেতৃত্ব নিশ্চিত না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা তাদের অবস্থানে অনড় থাকার ইঙ্গিত দিয়েছেন।
ডিবিটেক/ডিএমও/ইকে



