ভারপ্রাপ্ত থেকে স্থায়ীভাবে প্রধান আর্থিক কর্মকর্তা হিসেবে নিয়োগ
রবি আজিয়াটার প্রধান আর্থিক কর্মকর্তা হলেন রুহুল আমিন
রবি আজিয়াটা পিএলসির প্রধান আর্থিক কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন রুহুল আমিন। চলতি বছরের শুরু থেকে তিনি ভারপ্রাপ্ত প্রধান আর্থিক কর্মকর্তার দায়িত্ব পালন করছিলেন। প্রতিষ্ঠানটির কৌশল, আর্থিক ব্যবস্থাপনা ও রূপান্তরমূলক উদ্যোগে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।
দেশের অন্যতম টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান রবি আজিয়াটা পিএলসির প্রধান আর্থিক কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন রুহুল আমিন। তিনি চলতি বছরের ১ জানুয়ারি থেকে ভারপ্রাপ্ত প্রধান আর্থিক কর্মকর্তার দায়িত্ব পালন করে আসছিলেন।
সোমবার (৬ জুলাই) প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে রুহুল আমিন রবি আজিয়াটার প্রধান কৌশল কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া আজিয়াটা গ্রুপের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদেও তিনি দায়িত্ব পালন করেছেন।
প্রায় ২৫ বছরের পেশাগত জীবনে রুহুল আমিনের ১৪ বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে রবি আজিয়াটায়। অর্থ ও আর্থিক ব্যবস্থাপনা, কৌশল প্রণয়ন, করপোরেট সুশাসন, রূপান্তরমূলক উদ্যোগ, উপাত্ত বিশ্লেষণ এবং ব্যবসায়িক নেতৃত্বে তাঁর উল্লেখযোগ্য অভিজ্ঞতা রয়েছে।
রবি আজিয়াটায় কর্মরত অবস্থায় তিনি প্রতিষ্ঠানের কৌশলগত রূপান্তর, আর্থিক সুশাসন শক্তিশালীকরণ, উপাত্তভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের সংস্কৃতি গড়ে তোলা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যবসায়িক উদ্যোগ বাস্তবায়নে ভূমিকা রাখেন। পাশাপাশি টেলিযোগাযোগ খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ লেনদেন ও রূপান্তরমূলক কর্মসূচিতেও তিনি সম্পৃক্ত ছিলেন।
রবি আজিয়াটার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়াদ সাতারা বলেন, রুহুল আমিনের প্রতিষ্ঠানের ব্যবসা সম্পর্কে গভীর জ্ঞান, আর্থিক ও কৌশলগত নেতৃত্ব এবং রূপান্তরমূলক উদ্যোগ বাস্তবায়নের দক্ষতা কোম্পানির প্রবৃদ্ধিকে আরও এগিয়ে নিতে সহায়ক হবে। তাঁর নেতৃত্বে গ্রাহক, শেয়ারধারী এবং অন্যান্য অংশীজনও দীর্ঘমেয়াদে উপকৃত হবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
রুহুল আমিন একজন ফেলো চার্টার্ড হিসাববিদ। তিনি অস্ট্রেলিয়া থেকে সনদপ্রাপ্ত গণহিসাববিদ এবং সনদপ্রাপ্ত ব্যবস্থাপনা হিসাববিদের পেশাগত স্বীকৃতি অর্জন করেছেন। এছাড়া তিনি ইনসিয়াড এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের নির্বাহী শিক্ষা কর্মসূচিও সম্পন্ন করেছেন।
//ডিবিটেক/জেডডিআই/এমআই//





