২০ মে ওটিটিতে মুক্তি পাচ্ছে ‘দম’
প্রেক্ষাগৃহে সাড়া জাগানোর পর আসন্ন ঈদুল ফিতরের আগে আগামী ২০ মে এবার ওটিটিতে আসছে ‘দম’। রেদওয়ান রনি পরিচালিত সিনেমাটি মুক্তি পাচ্ছে চরকিতে।
চরকির ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়, ২০ মে রাত ১২টা থেকে দেশ–বিদেশের দর্শকেরা প্ল্যাটফর্মটিতে দম দেখতে পারবেন। ব্যস্ততা কিংবা ভৌগোলিক দূরত্বের কারণে এখনো অনেকে সিনেমাটি দেখার সুযোগ পাননি। ওটিটিতে আসায় এখন বিশ্বের যেকোনো প্রান্ত থেকে যেকোনো সময় সিনেমাটি উপভোগ করতে পারবেন তাঁরা। তাই তো ফেসবুকে মুক্তির ঘোষণার পোস্টের মন্তব্যে এক দর্শক লিখেছেন, ‘দেশে থাকাকালে অনেক চেষ্টা করেও দেখতে পারিনি, এখন অপেক্ষায় রইলাম।’
আফগানিস্তানে মৃত্যুর মুখ থেকে ফিরে আসা এক বাংলাদেশির সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত দম-এ অভিনয় করেছেন আফরান নিশো, চঞ্চল চৌধুরী ও পূজা চেরী। নির্মাতা রেদওয়ান রনির সঙ্গে দম–এর চিত্রনাট্য করেছেন সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান নির্ঝর, সাইফুল্লাহ রিয়াদ ও রবিউল আলম রবি। সিনেমাটি প্রযোজনা করেছে এসভিএফ আলফা-আই ও চরকি।
ডিবিটেক/পিও/ইকে



