নিজ বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রীর পাশে বসেই অব্যাহতির খবর পেলেন যবিপ্রবি ভিসি

নিজ বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রীর পাশে বসেই অব্যাহতির খবর পেলেন যবিপ্রবি ভিসি
১৩ এপ্রিল, ২০২৬ ২১:২৫  

নিজ বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে একটি সেমিনারের উপস্থিত থাকাবস্থায় অব্যাহতি পত্র পেয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ভাইস-চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ।

 ১৩ এপ্রিল, সোমবার বিকেলে জারি হওয়া প্রজ্ঞাপনে এই অ্যাহতি দেয়া হয়। বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের (IQAC) আয়োজনে অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে এই সেমিনারটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সেমিনারটি সভাপতিত্ব করছিলেন সদ্য অব্যাহতিপ্রাপ্ত ভিসি অধ্যাপক ড. আব্দুল মজিদ।  

তাকে অব্যাহতি দেয়ার প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ২০২৪ সালের ৯ সেপ্টেম্বর তারিখের ৩৭.০০.০০০০.০৭৬.১১.০০১.২১.১০২ নম্বর প্রজ্ঞাপনের (ঙ)নং শর্ত মোতাবেক অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ, ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়কে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর পদ হতে অব্যাহতিপূর্বক মূলপদে যোগদানের অনুমতি প্রদান করা হলো।

এর আগে ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর  ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের অধ্যাপকের দায়িত্বপালনরত অবস্থায় যবিপ্রবি উপাচার্য হিসেবে যোগ দিয়েছিলেন ড. মোঃ আব্দুল মজিদ।

প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগ থেকে ১৯৯৪ সালে স্নাতক, ১৯৯৫ সালে স্নাতকোত্তর ও ২০০৩ সালে এমফিল ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে তিনি জাপানের টোটরি বিশ্ববিদ্যালয় থেকে ২০০৭ সালে পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেন। শিক্ষকতার কর্মজীবন শুরু হয় ২০০১ সালে এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে যোগদানের মাধ্যমে। পরবর্তীতে তিনি ২০০৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসেবে প্রভাষক যোগ দেন। তিনি ২০০৭ সালে সহকারী অধ্যাপক, ২০১০ সালে সহযোগী অধ্যাপক এবং ২০১৩ সালে অধ্যাপক হিসেবে পদোন্নতি পান। তিনি ১৯৭৩ সালের ৬ এপ্রিল বাংলাদেশের ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু উপজেলার দৌলতপুর ইউনিয়নের রিশখালী গ্রামে জন্মগ্রহণ করেন।

ডিবিটেক/ডিএইচই/ইকে