ঢাকায় তৈরি হচ্ছে আন্তর্জাতিক মানের আধুনিক ডিএনএ ল্যাবরেটরী
রাজধানীর আড়াই কোটি মানুষের ডিএনএ পরীক্ষার ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ঢাকায় একটি আন্তর্জাতিক মানের আধুনিক ডিএনএ ল্যাবরেটরী স্থাপন করা হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন। ১২ এপ্রিল, রবিবার আগারগাঁওয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সে ফরেনসিক ডিএনএ ল্যাবরেটরী উপদেষ্টা পরিষদের সভায় সভাপতির বক্তব্যে তিনি এই পরিকল্পনার কথা জানান।
মন্ত্রী আরও উল্লেখ করেন যে, বিভাগীয় পর্যায়ের বিদ্যমান ডিএনএ স্ক্রিনিং ল্যাবগুলোকে পর্যায়ক্রমে দ্রুত স্বয়ংসম্পূর্ণ প্রোফাইলিং ল্যাবে উন্নীত করা হবে।
সভায় মন্ত্রী বর্তমান ল্যাবরেটরীর কারিগরি সীমাবদ্ধতা তুলে ধরে বলেন, ফরেনসিক ডিএনএ ল্যাবের যন্ত্রপাতি ১৫ বছরের অধিক পুরনো হওয়ায় এর কার্যকারিতা হ্রাস পেয়েছে। নমুনার বিশুদ্ধতা ও নির্ভুল রিপোর্ট নিশ্চিত করতে অবিলম্বে নতুন ও আধুনিক মেশিন স্থাপন করা জরুরি। এছাড়া সকল ফরেনসিক ডিএনএ রিপোর্ট এবং নমুনার তথ্য একটি সমন্বিত ডাটাবেজের আওতায় আনতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ডিএনএ ল্যাবরেটরী ব্যবস্থাপনা অধিদপ্তরকে বিশেষ নির্দেশনা দেন তিনি।
প্রসঙ্গত, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ২০০৬ সালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেশের প্রথম ন্যাশনাল ফরেনসিক ডিএনএ প্রোফাইলিং ল্যাবরেটরী প্রতিষ্ঠিত হয়। বর্তমানে চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও বরিশালসহ দেশের ৮টি মেডিকেল কলেজ হাসপাতালে এই স্ক্রিনিং সুবিধা চালু রয়েছে। সভায় ডিএনএ আইন ও বিধি সংশোধন, দক্ষ জনবল নিয়োগ এবং নমুনা পরীক্ষার ফি নির্ধারণসহ ল্যাব আধুনিকায়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক সচিব ইয়াসমিন পারভীন এনডিসি এবং ডিএনএ ল্যাবরেটরী ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক শবনম মোস্তারীসহ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ডিবিটেক/এমআরআই/এমইউআইএম



