বিনামূল্যে জরুরি চিকিৎসাসেবা ও প্রযুক্তিনির্ভর স্বাস্থ্যখাত গড়ার অঙ্গীকার স্বাস্থ্যমন্ত্রীর
‘স্বাস্থ্যসেবায় প্রযুক্তি গ্রহণ জরুরি’: ডা. জাহিদ
- জনগণের স্বাস্থ্য অধিকার ও স্বাস্থ্যে বাজেট বরাদ্দে কোনো আপস করা হবে না বলে জানিয়েছেন মন্ত্রী অধ্যাপক ডা. জাহিদ হোসেন।
- আধুনিক সুপার-স্পেশালাইজেশন ও এআই প্রযুক্তির সাথে তাল মিলিয়ে স্বাস্থ্যখাতকে এগিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়।
- আন্তর্জাতিক নি সামিটে চিকিৎসকদের বিশেষ ফেলোশিপ প্রদান এবং ‘Save your knees’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
জনগণের স্বার্থ ও অধিকার রক্ষায় সরকার কোনো ধরনের আপস করবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। সবার জন্য বিনামূল্যে প্রাথমিক ও জরুরি স্বাস্থ্যসেবা এবং সাশ্রয়ী মূল্যে বিশেষায়িত চিকিৎসা নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম মূল অঙ্গীকার বলে মন্তব্য করেন তিনি।
রাজধানী ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ঢাকা আর্থ্রোপ্লাস্টি সোসাইটির সহযোগিতায় ‘বাংলাদেশ আর্থ্রোস্কোপি এন্ড আর্থ্রোপ্লাস্টি একাডেমি’ কর্তৃক আয়োজিত ‘2nd Dhaka International Knee Summit 2026’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক।
স্বাস্থ্যখাতের আধুনিকায়নের ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, দক্ষতা এবং আধুনিক জ্ঞানের সমন্বয় ঘটিয়ে চিকিৎসাসেবার বর্তমান চ্যালেঞ্জগুলো কার্যকরভাবে মোকাবিলা করতে হবে। তিনি উল্লেখ করেন, বর্তমান সুপার-স্পেশালাইজেশন ও কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) যুগে স্বাস্থ্য প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে না চললে ক্রমবর্ধমান চাহিদা সামাল দেওয়া কঠিন হবে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সকল বিশেষজ্ঞ দলকে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
বাজেট বরাদ্দ প্রসঙ্গে মন্ত্রী জানান, বর্তমান সরকার স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে জাতীয় বাজেটে দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ নিশ্চিত করেছে, যা দেশের ইতিহাসে এক অনন্য রেকর্ড। তবে তিনি এই বাজেট তহবিলের সর্বোচ্চ, মানসম্মত ও দক্ষ ব্যবহারের ওপর জোর দেন।
অনুষ্ঠানে ঢাকা আর্থ্রোপ্লাস্টি সোসাইটির পক্ষ থেকে ছয়জন বিশেষজ্ঞ চিকিৎসককে ফেলোশিপ প্রদান করা হয় এবং ‘Save your knees’ শীর্ষক একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। বাংলাদেশ আর্থ্রোপ্লাস্টি সোসাইটির সভাপতি ডা. এম. আলীর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে ড্যাবের মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিলসহ বিশিষ্ট চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন।
//ডিবিটেক/আরএইচপি/এমআইএস//





