ডিএনসিসিতে মোবাইল সেবা ও সম্প্রসারিত সময়সূচিতে শিশুদের ভিটামিন এ কার্যক্রম

ভিটামিন এ ক্যাম্পেইনে স্মার্ট তদারকি, ১৯০৫ কেন্দ্র প্রস্তুত

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২৬ উপলক্ষে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ১ হাজার ৯০৫টি কেন্দ্রে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। মাঠপর্যায়ে তদারকি, মোবাইল সেবা এবং বাড়তি সময়সীমার মাধ্যমে কভারেজ বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে।

ভিটামিন এ ক্যাম্পেইনে স্মার্ট তদারকি, ১৯০৫ কেন্দ্র প্রস্তুত
২৬ জুন, ২০২৬ ০০:০০  

আগামী ২৮ জুন সারা দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। এ উপলক্ষে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় শিশুদের কাছে সেবা পৌঁছে দিতে বিস্তৃত মাঠপর্যায়ের প্রস্তুতি নেওয়া হয়েছে।

ডিএনসিসির স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, কর্মসূচি বাস্তবায়নে ৫৪টি স্থায়ী এবং ১ হাজার ৮৫১টি অস্থায়ী কেন্দ্রসহ মোট ১ হাজার ৯০৫টি কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। প্রতিটি কেন্দ্রে দুজন করে মোট ৩ হাজার ৮১০ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন।

কার্যক্রমের মান ও কভারেজ নিশ্চিত করতে মাঠপর্যায়ে ১৮৩ জন প্রথম সারির এবং ১০৩ জন দ্বিতীয় সারির সুপারভাইজার নিয়োজিত থাকবেন।

ক্যাম্পেইনের আওতায় ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১ থেকে ৫ বছর বয়সী শিশুদের একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে সুবিধাবঞ্চিত ও চলমান জনগোষ্ঠীর শিশুদের ওপর। বস্তি এলাকা, বাস টার্মিনাল ও রেলস্টেশনসংলগ্ন এলাকায় অবস্থানকারী শিশুদের সেবার আওতায় আনতে চারটি অ্যাম্বুলেন্সভিত্তিক মোবাইল টিম মোতায়েন করা হবে।

ক্যাম্পেইনের দিনসহ পরবর্তী চার দিন মোবাইল সেবার মাধ্যমে ভিটামিন ‘এ’ কার্যক্রম চলবে। পাশাপাশি কর্মজীবী অভিভাবকদের কথা বিবেচনায় স্থায়ী কেন্দ্রগুলোতে সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত সেবা চালু রাখা হবে।

ডিএনসিসির মতে, সম্প্রসারিত সময়সূচি ও মোবাইলভিত্তিক সেবা ব্যবস্থার মাধ্যমে শিশুদের অংশগ্রহণ বাড়ানো এবং ভিটামিন এ কভারেজ উন্নত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

//ডিবিটেক/বিবিটি/এমইউআইএম//