পরীক্ষামূলকভাবে হোয়াটসঅ্যাপে ইউজারনেম সুবিধা চালু

পরীক্ষামূলকভাবে হোয়াটসঅ্যাপে ইউজারনেম সুবিধা চালু
৯ এপ্রিল, ২০২৬ ২০:১৯  

মেটা তাদের মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে ব্যবহারকারীদের জন্য ইউজারনেম সুবিধা চালু করতে যাচ্ছে। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা একে অপরের সঙ্গে যোগাযোগের জন্য ফোন নম্বরের পরিবর্তে অনন্য ইউজারনেম ব্যবহার করতে পারবেন। সম্প্রতি কিছু আইওএস ও অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর জন্য ফিচারটির রোলআউট শুরু হয়েছে বলে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

ফিচার ট্র্যাকার ডব্লিউএবিটাইনফোর তথ্য অনুযায়ী, ইউজারনেম তৈরি ও পরিচালনার নিয়মাবলী নিম্নরূপ:

দৈর্ঘ্য ও সীমাবদ্ধতা: ইউজারনাম ৩ থেকে ৩৫ অক্ষরের মধ্যে হতে হবে। এটি ‘’ দিয়ে শুরু বা ‘.com’, ‘.in’, ‘.edu’, ‘.net’-এর মতো ডোমেইন দিয়ে শেষ করা যাবে না, কারণ এতে ওয়েবসাইট বলে ভ্রান্তি হতে পারে।

ক্যারেক্টারের ধরন: অন্তত একটি বর্ণ থাকা বাধ্যতামূলক (শুধু সংখ্যা বা বিশেষ ক্যারেক্টারে ইউজারনেম তৈরি যাবে না)। আন্ডারস্কোর, লোয়ারকেস অক্ষর ও পিরিয়ড ব্যবহার করা যাবে।

ফোন নম্বর গোপন: ইউজারনেম ব্যবহার করলে অন্য ব্যবহারকারীরা আপনার ফোন নম্বর দেখতে পাবেন না। ফলে অপরিচিত ব্যক্তির সঙ্গে যোগাযোগেও ফোন নম্বর শেয়ার করতে হবে না।

একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, হোয়াটসঅ্যাপের ইউজারনেম মেটার অন্য প্ল্যাটফর্মের সঙ্গেও যুক্ত থাকতে পারে। এর মানে, আপনি ইন্সটাগ্রাম বা ফেসবুকে ব্যবহৃত একই ইউজারনেম হোয়াটসঅ্যাপেও ব্যবহার করতে পারবেন। তবে এর জন্য ব্যবহারকারীদের তাদের অন্যান্য অ্যাকাউন্ট ‘অ্যাকাউন্টস সেন্টার’-এর সঙ্গে লিংক করতে হবে, যাতে তারা নিশ্চিত করতে পারেন তারাই ওই ইউজারনেমের প্রকৃত মালিক।

বর্তমানে এটি সীমিত সংখ্যক অ্যান্ড্রয়েড ও আইওএস ব্যবহারকারীর জন্য পর্যায়ক্রমে রোলআউট হচ্ছে। প্রতিষ্ঠানটি এখনো আনুষ্ঠানিকভাবে এই তথ্য নিশ্চিত করেনি। জানা গেছে, একটি বিস্তৃত রোলআউট আসতে পারে এই বছরের শেষ দিকে।

উল্লেখ্য, হোয়াটসঅ্যাপে ফোন নম্বরের বদলে ইউজারনেম ব্যবহারের সুবিধা ব্যবহারকারীদের জন্য একটি বড় ধাপ। এটি স্প্যাম ও অপরিচিত কল থেকে সুরক্ষার পাশাপাশি গোপনীয়তার একটি নতুন স্তর যোগ করবে।

ডিবিটেক/বিএমটি  । সূত্র : গ্যাজেটস৩৬০