ডেলিভারি কর্মীদের জন্য অ্যামাজনের এআই স্মার্ট চশমা
ই–কমার্স জায়ান্ট অ্যামাজন জানিয়েছে, তারা তাদের ডেলিভারি কর্মীদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)–নির্ভর স্মার্ট চশমা তৈরি করছে। এই চশমা ব্যবহারে কর্মীরা হাতে ফোন না নিয়েই প্যাকেজ স্ক্যান, ঠিকানা অনুসরণ ও ডেলিভারি প্রমাণ সংগ্রহ করতে পারবেন। খবর টেকক্রাঞ্চ।
অ্যামাজনের মতে, চশমাটিতে সংযোজিত আছে ক্যামেরা ও কম্পিউটার ভিশন প্রযুক্তি, যা আশপাশের ঝুঁকি ও ডেলিভারির নির্দেশনা সরাসরি ব্যবহারকারীর দৃষ্টিসীমায় প্রদর্শন করবে। ফলে কর্মীরা দ্রুত ও নিরাপদে ডেলিভারি সম্পন্ন করতে পারবেন। গাড়ি পার্ক করার পর চশমা স্বয়ংক্রিয়ভাবে সক্রিয় হয়, প্যাকেজ শনাক্ত করে এবং ডেলিভারি ঠিকানায় পৌঁছানোর নির্দেশনা দেয়।
চশমাটিতে প্রেসক্রিপশন লেন্স ও আলো অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে মানিয়ে নেওয়া লেন্স ব্যবহারের সুবিধাও থাকবে। এতে একটি কন্ট্রোলার থাকবে, যা ডেলিভারি ভেস্টে পরিধানযোগ্য এবং তাতে থাকবে অপারেশন কন্ট্রোল, পরিবর্তনযোগ্য ব্যাটারি ও জরুরি বোতাম।
বর্তমানে উত্তর আমেরিকায় সীমিত পরিসরে পরীক্ষামূলকভাবে এটি ব্যবহার করা হচ্ছে। ভবিষ্যতে অ্যামাজন প্রযুক্তিটি আরও উন্নত করে ব্যাপকভাবে চালু করার পরিকল্পনা করছে।
ডিবিটেক/বিএমটি







