এক ট্রিলিয়ন ডলারের ক্লাবে এএমডি

এক ট্রিলিয়ন ডলারের ক্লাবে এএমডি
২২ সেপ্টেম্বর, ২০২৬ ২০:০৮  

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির অভূতপূর্ব চাহিদা ও শেয়ারবাজারে টানা ঊর্ধ্বগতির ওপর ভর করে প্রথমবারের মতো ১ ট্রিলিয়ন (১ লাখ কোটি) ডলার বাজারমূল্যের মাইলফলক স্পর্শ করেছে প্রসেসর ও চিপ প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাডভান্সড মাইক্রো ডিভাইসেস (এএমডি)। 

সোমবার যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে লেনদেন চলাকালে প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ারের দাম ৯.৬ শতাংশ বৃদ্ধি পেয়ে রেকর্ড ৬১৩.৩১ ডলারে পৌঁছায়। 

এর মাধ্যমে এনভিডিয়া, ব্রডকম এবং মাইক্রনের পর চতুর্থ মার্কিন চিপ প্রস্তুতকারক প্রতিষ্ঠান হিসেবে ১ ট্রিলিয়ন ডলারের অভিজাত ক্লাবে নাম লেখাল ক্যালিফোর্নিয়াভিত্তিক এই প্রতিষ্ঠানটি। চলতি ২০২৬ সালেই এএমডির শেয়ারের মূল্যায়নে প্রায় ১৮৫ শতাংশ প্রবৃদ্ধি রেকর্ড করা হয়েছে। 

ব্যবসা সম্প্রসারণ ও নতুন কৌশল
বাজার বিশ্লেষকদের মতে, বৈশ্বিক অর্থনৈতিক শ্লথগতি ও মার্কিন-ইরান ভূরাজনৈতিক উত্তেজনার মাঝেও বিনিয়োগকারীরা আবার এআই নির্ভর প্রযুক্তি শেয়ারে বড় ধরনের পুঁজি বিনিয়োগে ফিরছেন। 

গ্রাফিক্স প্রসেসিং ইউনিট (জিপিইউ) বাজারে এআই খাতের শীর্ষে থাকা এনভিডিয়ার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে কেবল একক চিপ বিক্রির ওপর নির্ভর না করে নেটওয়ার্কিং গিয়ার ও হার্ডওয়্যার সমন্বিত অল-ইন-ওয়ান সার্ভার সিস্টেম সরবরাহ শুরু করেছে এএমডি। 

এর পাশাপাশি সার্ভার প্রসেসরের বাজারে প্রতিযোগী ইনটেলের কাছ থেকে বিপুল পরিমাণ বাজার অংশীদারত্ব ছিনিয়ে নিয়ে নিজেদের ব্যবসায়িক ভিত আরও মজবুত করেছে তারা। 

চিপ বাজারে সার্বিক চাঙ্গা ভাব
এএমডির এই অর্জনের সুবাতাস ছড়িয়ে পড়েছে পুরো সেমিকন্ডাক্টর শিল্পেই। সোমবার যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া চিপ ইনডেক্স ২.৭ শতাংশ বৃদ্ধি পেয়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ সূচকে পৌঁছায়। এদিন এএমডির অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী ইনটেলের শেয়ারের দাম ১১.৮ শতাংশ এবং কোয়ালকমের শেয়ার ৪.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। 

বিগত মাসে ঘোষিত ত্রৈমাসিক আয়ের পূর্বাভাসে বিনিয়োগকারীদের অতি উচ্চাশা শতভাগ পূরণ না হলেও এআই অবকাঠামো নির্মাণে বিশ্বব্যাপী চিপের চাহিদা অব্যাহত থাকায় প্রযুক্তি বাজারে এটি নতুন গতি সঞ্চার করছে। 

ডিবিটেক/বিএমটি   ।  সূত্র: রয়টার্স