যুক্তরাষ্ট্রে বিক্রির জন্য ইলেকট্রনিক পণ্য পরীক্ষায় চীনা ল্যাব নিষিদ্ধের উদ্যোগ

যুক্তরাষ্ট্রে বিক্রির জন্য ইলেকট্রনিক পণ্য পরীক্ষায় চীনা ল্যাব নিষিদ্ধের উদ্যোগ
৯ এপ্রিল, ২০২৬ ১৭:২৩  

যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশনস কমিশন (এফসিসি) চীনা পরীক্ষাগারগুলোর ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার উদ্যোগ নিয়েছে। আগামী ৩০ এপ্রিল এক প্রস্তাবের ওপর ভোট গ্রহণ করবে সংস্থাটি, যেখানে স্মার্টফোন, ক্যামেরা ও কম্পিউটারের মতো ইলেকট্রনিক ডিভাইস যুক্তরাষ্ট্রে ব্যবহারের জন্য পরীক্ষা-নিরীক্ষায় সব চীনা পরীক্ষাগারকে নিষিদ্ধ করার কথা বলা হয়েছে।

ইতিমধ্যে গত বছর চীনা সরকারের মালিকানাধীন বা নিয়ন্ত্রিত পরীক্ষাগারগুলোকে নিষিদ্ধ করেছিল এফসিসি। তবে সংস্থাটি মনে করছে, এখনো চীনের অধিকাংশ বেসরকারি পরীক্ষাগার এই কাজ চালিয়ে যাচ্ছে।

এফসিসির তথ্য অনুযায়ী, বিশ্বের প্রায় ৭৫ শতাংশ ইলেকট্রনিক পণ্যের পরীক্ষা চীনের বিভিন্ন ল্যাবে সম্পন্ন হয়। এই বিশাল নির্ভরতার কারণেই প্রশ্ন উঠেছে, নিরাপত্তা নিশ্চিত করতে পারছে কি না এই ল্যাবগুলো।

নতুন বিধি কার্যকর হলে চীনা ল্যাবে পরীক্ষিত পণ্য আর যুক্তরাষ্ট্রে বৈধ হবে না। তবে সংস্থাটি পণ্য প্রস্তুতকারকদের জন্য বিকল্প পথ রাখার কথা ভাবছে। এফসিসি আলাদাভাবে ভোট দিয়ে যুক্তরাষ্ট্রের ভেতরে বা ‘কম ঝুঁকিপূর্ণ’ দেশের ল্যাবে পরীক্ষিত ডিভাইসগুলোর জন্য অনুমোদন প্রক্রিয়া সহজ করার পরিকল্পনা করছে।

ইলেকট্রনিক ডিভাইস ছাড়াও সম্প্রতি এফসিসি চীনা কোম্পানিগুলোর সরঞ্জাম আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব দিয়েছে। এর আগে চীনা নির্মিত ড্রোন ও কনজিউমার রাউটার আমদানির ওপর বিধিনিষেধ এসেছে। এই নিষেধাজ্ঞা আগে থেকে অনুমোদিত পুরোনো মডেলগুলোর ক্ষেত্রেও প্রযোজ্য হবে বলে জানিয়েছে সংস্থাটি।

এই পদক্ষেপকে প্রযুক্তি খাতে চীনের প্রভাব কমাতে ওয়াশিংটনের সামগ্রিক কৌশলের অংশ হিসেবে দেখা হচ্ছে।

ডিবিটেক/বিএমটি  । সূত্র : রয়টার্স