যবিপ্রবি-তে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে নিয়মিত তদারকি ও লিফলেট বিতরণ কর্মসূচি শুরু

যবিপ্রবি-তে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে নিয়মিত তদারকি ও লিফলেট বিতরণ কর্মসূচি শুরু
২ এপ্রিল, ২০২৬ ০০:০০  

সরকারি নির্দেশনা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ড গঠিত বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ী মনিটরিং কমিটির উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। ১ এপ্রিল বুধবার উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদের কাছে লিফলেট হস্তান্তরের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন কোষাধ্যক্ষ ও কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. হোসেন আল মামুন। পরে কমিটির সদস্যরা প্রশাসনিক ভবনের বিভিন্ন দপ্তরে পরিদর্শন করে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন এবং পর্যায়ক্রমে সব বিভাগ ও আবাসিক হলগুলোতে এ কার্যক্রম চালানো হবে বলে জানানো হয়।

লিফলেটে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে বিভিন্ন দিকনির্দেশনা তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতির ব্যবহার বন্ধ রেখে জানালা-দরজা খোলা রাখতে হবে এবং প্রয়োজনের অতিরিক্ত লাইট ব্যবহার পরিহার করতে হবে। অফিস চলাকালীন অতিরিক্ত ফ্যান, এয়ার কন্ডিশনার ও অন্যান্য যন্ত্রপাতি বন্ধ রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষ প্রয়োজন ছাড়া এসি ব্যবহার নিরুৎসাহিত করা হয়েছে এবং ব্যবহার করলেও তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি রাখতে বলা হয়েছে।

এছাড়া কক্ষ ত্যাগের সময় এবং অফিস শেষে সব ধরনের বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। করিডোর, সিঁড়ি ও ওয়াশরুমে অপ্রয়োজনীয় লাইট ব্যবহার বন্ধ রাখা, বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার নিশ্চিত করা এবং অপ্রয়োজনীয় আলোকসজ্জা পরিহার করার কথাও উল্লেখ করা হয়েছে। বিভিন্ন বিভাগের আয়োজিত অনুষ্ঠানে গ্যালারি ব্যবহারে নিরুৎসাহিত করা হয়েছে, তবে প্রয়োজন হলে সীমিত পরিসরে বিদ্যুৎ ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।

কর্তৃপক্ষ আশা করছে, এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম বিশ্ববিদ্যালয়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে কার্যকর ভূমিকা রাখবে।

ডিবিটেক/এনএইচ/ইকে