কমিটি প্রত্যাখ্যান করে নতুন ৫ দাবি প্রকৌশল শিক্ষার্থীদের

কমিটি প্রত্যাখ্যান করে নতুন ৫ দাবি প্রকৌশল শিক্ষার্থীদের
২৭ আগষ্ট, ২০২৫ ১৯:০১  
২৭ আগষ্ট, ২০২৫ ১৯:০৬  

আন্দোলনরত প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তিন দফা দাবির বিষয়ে সরকার কর্তৃক গঠিত কমিটিকে প্রত্যাখান করেছেন আন্দলনরত শিক্ষার্থীরা। ২৭ আগস্ট, বুধবার বিকেলে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়ে নতুন করে পাঁচ দফা দাবি উপস্থাপন করা হয।

 ৫ দফা দাবি গুলো হলো- স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে আন্দোলনকারীদের সামনে উপস্থিত হয়ে এ ঘটনার জন্য ক্ষমা চাইতে হবে এবং জবাবদিহি করতে হবে। প্রজ্ঞাপনের মাধ্যমে গঠিত কমিটিকে প্রত্যাখ্যান করলাম। একই সঙ্গে দ্রুত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিদের নিয়ে কমিটি গঠন করতে হবে।

এসময় আন্দোলনকারীদের প্রতিনিধি জুবায়ের আহমেদ বলেন, প্রকৌশল অধিকার আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে আন্দোলনকারীদের সামনে এসে ওই ঘটনার জন্য ক্ষমা চাইতে হবে এবং জবাবদিহি করতে হবে। প্রজ্ঞাপনের মাধ্যমে গঠিত কমিটিতে আমাদের প্রতিনিধিত্বের অনুপস্থিতি থাকায় আমরা সেটিকে প্রত্যাখ্যান করলাম।

তিনি বলেন, অনতিবিলম্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধিসহ প্রকৌশল অধিকার আন্দোলনের স্টেকহোল্ডারদের নিয়ে কমিটি সংস্কার করতে হবে। পেশ করা তিন দফা দাবিকে দ্রুততম সময়ের মধ্যে মেনে নিয়ে নির্বাহী আদেশের মাধ্যমে প্রজ্ঞাপন জারি করতে হবে। উপদেষ্টা মোহাম্মদ ফাওজুল কবির খান, আদিলুর রহমান এবং সৈয়দ রিজওয়ানা হাসানকে আজকেই এর নিশ্চয়তা প্রদান করতে হবে।

তিনি আরও বলেন, পুলিশের হামলায় আহত সব শিক্ষার্থীর চিকিৎসার ব্যয় সরকারকে বহন করতে হবে। আন্দোলন চলাকালীন সময়ে সব শিক্ষার্থীর সুরক্ষা নিশ্চিত করতে হবে। পুলিশ দিয়ে এই যৌক্তিক আন্দোলনে আর কোনো প্রকার হামলা করা যাবে না। শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের অনতিবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে এবং চাকরিচ্যুত করতে হবে।

এর আগে বুধবার দুপুর দেড়টায় তিন দফা দাবি আদায়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে যেতে চাইলে ইন্টারকন্টিনেন্টাল মোড়ে পুলিশের বাধার মুখে পড়েন আন্দোলনকারীরা। তবে বেরিকেড অতিক্রম করে যেতে চাইলে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হন। উভয়পক্ষের মধ্যে ঘণ্টাব্যাপী ধাওয়া-পাল্টা ধাওয়া চলে।

এ সময় তাদের স্লোগানে পুরো এলাকা উত্তাল হয়ে ওঠে। তাদের স্লোগানের মধ্যে রয়েছে, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম, সংগ্রাম’, ‘কোটা না মেধায়, মেধায় মেধায়’, ‘সবার মুখে এক বয়ান, ডিপ্লোমা টেকনিশিয়ান’, ‘অবৈধ ডিপ্লোমা কোটা অবসান চাই’, ‘কোটার নামে অবিচার, বন্ধ করো’, ‘কোটা প্রথা ভেঙে দাও, মেধাবিদের অধিকার ফিরিয়ে দাও’।