অনলাইনে ক্লাস নিয়ে সিদ্ধান্ত হবে মন্ত্রিসভার বৈঠকে
বৈশ্বিক জ্বালানি সংকট বিবেচনায় স্কুল পর্যায়ে শিক্ষার্থীদের অনলাইনে ক্লাস নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হবে মন্ত্রিসভার বৈঠকে। ৩১ মার্চ, মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের পরে সাংবাদিকদের এই তথ্য দেন শিক্ষামন্ত্রী আনম এহছানুল হক মিলন।
তিনি বলেন, “আমরা আলোচনা করেছি যে, অনলাইনে এডুকেশনটা প্রমোশন করা…। আমরা এ বিষয়ে একটি প্রস্তাবনা মন্ত্রিপরিষদের বৈঠকে উপস্থাপন করব। তারপরে এটা নিয়ে মন্ত্রিসভায় আলোচনা হবে এবং সিদ্ধান্ত আসবে।”
সচিবালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে শিক্ষা মন্ত্রী বলেন,“এটা যেহেতু বৈশ্বিক সমস্যা, শুধুমাত্র বাংলাদেশের নয়। এবং আমরা জানি না এই সংকট কতদিন চলবে। সেই কারণে আমরা ভাবছি যে অনলাইন-অফলাইন দুই সিস্টেমে আমাদের ক্লাস নেওয়ার সিস্টেম প্রবর্তন করা যায় কী না। মনে করেন সপ্তাহে পাঁচ দিন ক্লাস ছিল। এখন আমরা এসব ক্লাস লস করেছি রোজার ছুটিতে এবং বিভিন্ন রকম আন্দোলন-টান্দোলন সব মিলিয়ে। এখন আমরা স্কুল আওয়ারটাকে সিক্স ডেইজে উইক করছি। এর মধ্যে জ্বালানি সংকট কারণে আমরা অনলাইন এবং অফলাইন দুটো পদ্ধতি নিয়েই ভাবছি।”
ক্লাস নেওয়ার বিষয়ে একটি জরিপের কথা তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, “ইতিমধ্যে আমরা একটা জরিপ করেছি। সেই সার্ভেতে ৮৫ শতাংশ মানুষ চাচ্ছে, তারা যেন অনলাইনে যায়। কিন্তু পুরোটুরি অনলাইনে যদি যাওয়া হয় আমরা আবার আনসোশাল হয়ে যাব। এটা নিয়ে আমরা ভাবছি।”
এদিকে বৈঠক বিষয়ে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, রাজধানীতে স্কুলের সময়ে যেভাবে যানজট হয়, তা কীভাবে নিরসন করা যায় এবং এ ব্যাপারে বিকল্প ব্যবস্থা কী কী হতে পারে— তা নিয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী এ ব্যাপারে মন্ত্রণালয়কে প্রস্তাবনা তৈরি করে উপস্থাপন করতে বলেছেন।
তিনি বলেন, বলেন, ‘উদাহরণ হিসেবে দেখা গেছে— রাজধানীর একটি স্কুলে ১৫০ শিক্ষার্থীর জন্য ১০০ গাড়ি স্কুলের সামনে ভিড় করে। এতে ব্যাপক যানজট সৃষ্টি হয়। শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে আসতে বেগ পেতে হয়। সমস্যাগুলো অ্যাড্রেস করে প্রধানমন্ত্রী বিকল্প খুঁজতে মন্ত্রীকে পরামর্শ দিয়েছেন।’
ডিবিটেক/এসএইচ/এমইউএম



