রাজধানীতে ডার্মাটোলজি ফাউন্ডেশনের ২৫তম ব্যাচের প্রশিক্ষণ শুরু
রাজধানীর পান্থপথে 'ডার্মাটোলজি ফাউন্ডেশন অফ বাংলাদেশ' আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। চর্মরোগ বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে বিশেষজ্ঞ মেন্টরদের মাধ্যমে স্কিন অ্যাসেসমেন্ট, লেজার ট্রিটমেন্ট, মাইক্রোনিডলিং, পিআরপি এবং কেমিক্যাল পিল বিষয়ে প্রশিক্ষণার্থীদের বুনিয়াদি প্রশিক্ষণ দেয়া হয়।
২৭ মার্চ, শুক্রবার সকালে পান্থপথের এনা শাকুর এমারাতে অরোরা স্কিন এন্ড এয়েস্থেটিকস মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অরোরা স্কিন এন্ড এয়েস্থেটিকস-এর কর্ণধার অধ্যাপক ডা. সৈয়দ আফজালুল করিম। বিশেষ অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর আমিনুল ইসলাম, প্রফেসর এম এ আব্দুল ওহাব, ডা. সাব্বির হোসেন, স্কয়ার ফার্মাসিউটিক্যালস-এর এ এন এম হুমায়ুন কবির এবং ‘আমরা নারী’ ও ‘আমরা নারী রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট’-এর প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী এম এম জাহিদুর রহমান বিপ্লব।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. সৈয়দ আফজালুল করিম বলেন, মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ হলো ত্বক, যা আমাদের শরীরকে বাহ্যিক পরিবেশের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে। স্কিন এন্ড এয়েস্থেটিকসের গুরুত্ব এখানেই, যেখানে রোগ নিরাময়ের পাশাপাশি ত্বকের সার্বিক যত্ন ও আত্মবিশ্বাস বৃদ্ধির বিষয়টি সমানভাবে কাজ করে। সঠিক ও বিশেষায়িত প্রশিক্ষণের মাধ্যমে চর্মরোগের চিকিৎসা সেবা আরও কার্যকর ও রোগীবান্ধব হয়ে উঠবে।
বক্তারা তাদের আলোচনায় আধুনিক চিকিৎসা ব্যবস্থায় ত্বকের গুরুত্ব ও এ বিষয়ে চিকিৎসকদের বিশেষায়িত প্রশিক্ষণের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তারা বলেন, যথাযথ দক্ষতা অর্জনের মাধ্যমে দেশের চর্মরোগ চিকিৎসা সেবাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা সম্ভব।
প্রসঙ্গত, ত্বক, চুল, নখ ও যৌনরোগের চিকিৎসায় ২০১৩ সাল থেকে দক্ষ ডার্মাটোলজিস্ট, নিউট্রিশনিস্ট ও প্লাস্টিক সার্জনের সমন্বয়ে বাংলাদেশে প্রথমবারের মতো ভিটিলিগো সার্জারিতে 'Non-cultured melanocyte transfer surgery' চালুর মাধ্যমে চিকিৎসা ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করে অরোরা স্কিন এন্ড এয়েস্থেটিকস।
ডিবিটেক/এনএ/এমইউএম



