সৃজনশীলতা, প্রযুক্তি এবং সামাজিক ব্যবসার সমন্বয়ে একসাথে কাজ করবে বাংলাদেশ ও জাপান। বাংলাদেশের ইউনূস সেন্টারের সঙ্গে জাপানের অ্যানিমেশন, গ্রাফিক উপন্যাস মাঙ্গা, গেমিং ও ডিজিটাল শিক্ষা খাতে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে জাপানি ধাঁচের কমেডির মাধ্যমে মানুষের সুখ-সমৃদ্ধি প্রচারে নিয়োজিত প্রতিষ্ঠান ইয়োশিমোতো কোগিও হোল্ডিংস।
নোবেলজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে টোকিওর স্থানীয় সময় ২৬ মার্চ, বৃহস্পতিবার সকালে প্রাতঃরাশ বৈঠকে সৃজনশীলতা, প্রযুক্তি এবং সামাজিক ব্যবসার সমন্বয়ে কীভাবে তরুণদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করা যায় তা নিয়ে ফলপ্রসু আলোচনা করেছেন ইয়োশিমোতো কোগিও হোল্ডিংসের সাবেক চেয়ারম্যান হিরোশি ওসাকি। বৈঠকে জাপানের একটি উদ্ভাবনী অনলাইন হাই স্কুলের সেক্রেটারি জেনারেল নাওইয়া শিরাইশি; উইক-এর ইয়োশিয়াকি নাকামিচি; প্রখ্যাত গেম নির্মাতা ওজি হিরোই এবং দক্ষ অ্যানিমে চরিত্র ডিজাইনার মাসাহিরো নাকায়ামা উপস্থিত ছিলেন।
প্রতিনিধিরা জানান, যথাযথ প্রশিক্ষণ ও সহায়তা পেলে বাংলাদেশের তরুণরা আন্তর্জাতিক সৃজনশীল বাজারে প্রতিযোগিতামূলক অবদান রাখতে পারবে। তারা বাংলাদেশের তরুণ-তরুণীদের জন্য অ্যানিমেশন ও ডিজিটাল কনটেন্ট সৃষ্টির ক্ষেত্রে বৈশ্বিক সুযোগ তৈরি করতে গভীর আগ্রহ জানান। এছাড়াও মাঠপর্যায়ের সুযোগ-সুবিধা মূল্যায়ন করতে এবং সৃজনশীল খাতে সামাজিক ব্যবসায়িক উদ্যোগ বাস্তবায়নের একটি রূপরেখা তৈরি করতে তারা শিগগিরই বাংলাদেশ সফর করবেন বলে আশা প্রকাশ করেন।