বিশ্ব মঞ্চে বাংলাদেশের গণিত জয়!
আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতা ‘ওয়ার্ল্ড ম্যাথমেটিক্স ইনভাইটেশনাল ২০২৫’ এর চূড়ান্ত পর্বে ৪টি স্বর্ণ পদক, ৬টি রৌপ্য পদক, ৮টি ব্রোঞ্জ পদক এবং ৪টি সম্মানজনক মেরিট পদক জয় করে বিশ্বমঞ্চে বাজিমাত করলো বাংলাদেশ। প্রথমবার বাংলার ম্যাথ এর অধীনে প্রতিযোগিতায় অংশ নিয়ে ২২ জন মেধাবী খুদে গণিতবিদের প্রত্যেকেই অর্জন করেছে একটি করে পদক।
এদের মধ্যে স্বর্ণজয়ীরা হলেন- আনন্দনিকেতন স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণির অর্ণব রঞ্জন পাল, গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল, সাতারকুলের পঞ্চম শ্রেণির আরিয় ইনতিশার চৌধুরী, এসএফএক্স গ্রিন হেরাল্ড স্কুলের সপ্তম শ্রেণির মারজানা মানহা এবং কুমিল্লা জিলা স্কুলের দশম শ্রেণির মো. তাহসিন ইসলাম। তাদের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়ে ‘দ্য স্টার অব ওয়ার্ল্ড’ পুরস্কার পেয়েছে তাহসিন।
আর মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলের জাসিয়াহ রওজাত, সানিডেল স্কুলের রায়েদ ফারযাদ, হলি ক্রস গার্লস হাইস্কুলের আর্যশ্রেষ্ঠা ঘোষ, মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজের মো. আব্দুল আল হাসিব, গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুলের আয়্যান জামান এবং স্কলাস্টিকা স্কুলের ও লেভেল শিক্ষার্থী মো. রহিম হাসান পেয়েছেন রৌপ্য পদক।
ব্রোঞ্জজয়ীদের মধ্যে রয়েছেন - অ্যাকাডেমিয়া স্কুলের ফাইজাহ্ নুমা, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের রাজর্ষি সাহা, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের রিশান আন নাফি, সানিডেল স্কুলের মুনতাহা মানহা, রাজশাহী কলেজিয়েট স্কুলের আহবাব জুলকীফাল জাহিন, সানিডেল স্কুলের ইশাম ওয়াফিদুর রহমান, সেন্ট গ্রেগরি হাইস্কুল অ্যান্ড কলেজের সাদ বিন আহমেদ এবং রাজউক উত্তরা মডেল কলেজের নাহিয়ান পারিন ইফা।
এছাড়াও ব্রিটিশ স্ট্যান্ডার্ড স্কুলের গৈরিক পাল, হলি ক্রস গার্লস হাইস্কুলের মৃন্ময়ী ঘোষ, খুলনা কলেজিয়েট গার্লস স্কুলের শাওন্তিকা দাস মেঘা এবং বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের দেওয়ান মো. সুনান পেয়েছেন মেরিট সার্টিফিকেট।
প্রতিযোগিতার প্রস্তুতি হিসেবে অনলাইন বাছাইপর্বের মাধ্যমে সারাদেশ থেকে দুই হাজারের বেশি শিক্ষার্থীকে নিয়ে ‘বাংলার ম্যাথ এক্সিলেন্সি চ্যাম্পিয়নশিপ ২০২৫’ প্রতিযোগিতার আয়োজন করে বাংলার ম্যাথ। গত ৩০ মে ঢাকার ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশে (আইইউবি) অনুষ্ঠিত হয় জাতীয় পর্ব। সেখানে প্রায় ৪০০ শিক্ষার্থী অংশ নেয়। শ্রেণিভিত্তিক চূড়ান্ত পরীক্ষার মাধ্যমে ১০০ বিজয়ী নির্বাচিত হয়, যাদের মধ্য থেকে গঠিত হয় ২২ সদস্যের জাতীয় গণিত দল। গত ২৪ জুলাই চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নিতে ব্যাংককের পৌঁছে প্রতিযোগীরা। সেখানে বিশ্বের ২৩টি দেশের প্রায় ১৫০০ খুদে গণিতবিদদের সঙ্গে প্রতিযোগিতা করে এই বিজয় অর্জন করে তারা।
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ২৫ থেকে ২৮ জুলাই পর্যন্ত এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ দলের নেতৃত্ব ও তত্ত্বাবধানে ছিলেন ‘বাংলার ম্যাথ’-এর সহ-প্রতিষ্ঠাতা আশরাফুল আল শাকুর, মাহতাব হোসাইন ও আহমেদ শাহরিয়ার।







