নিজ কার্যালয়ের কর্মীদের প্রথম বৈঠকে যে বার্তা দিলেন প্রধানমন্ত্রী

নিজ কার্যালয়ের কর্মীদের প্রথম বৈঠকে যে বার্তা দিলেন প্রধানমন্ত্রী
২৮ ফেব্রুয়ারি, ২০২৬ ১৩:১৬  

সরকারি ছুটির দিনেও বিশ্রামে নেই প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৮ ফেব্রুয়ারি, শনিবার ছুটির আমেজ থাকলেও সকাল থেকেই প্রধানমন্ত্রীর তেজগাঁওস্থ কার্যালয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে করেছেন মতবিনিময় সভা। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন দপ্তর সংস্থার প্রধান, কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা শাপলা হলে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

দায়িত্ব গ্রহণের পর তাদের সঙ্গে এটি ছিল প্রধানমন্ত্রীর প্রথম মতবিনিময় সভা। সভায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস, মোঃ ইসমাইল জবিউল্লাহ, রাশেদ আল মাহমুদ তিতুমীর, হুমায়ুন কবির, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম, ডা. জাহেদ উর রহমান ও মাহ্‌দী আমিন উপস্থিত ছিলেন।

সেই সভায় দেশ ও রাষ্ট্রের স্বার্থে গোপনীয়তা রক্ষা এবং সরকারি নিয়ম-নীতি কঠোরভাবে মেনে চলার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। জাতিকে সুশৃঙ্খল পথে এগিয়ে নিতে প্রজাতন্ত্রের কর্মচারীদের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সভায় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার স্বাগত বক্তব্য দেন। পরে কার্যালয়ের গঠন ও কার্যাবলী বিষয়ে একটি উপস্থাপনা তুলে ধরেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী।

সভায় কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশের মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে। কর্মকর্তা-কর্মাচারীরাও সেই সরকারের অংশ উল্লেখ করে তিনি বলেন, ‘সরকার তখনি ভালো করবে যখন আপনারা সরকারকে সহযোগিতা করবেন।’ 

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, প্রতিটি রাজনৈতিক দলের একটি ইশতেহার থাকে এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের পক্ষে রায় দিয়েছেন। তাই জনগণের সেই প্রত্যাশা পূরণে সবাইকে প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। স্বাস্থ্য, শিক্ষা, নারী শিক্ষা, কর্মসংস্থান ও ক্রীড়াসহ ইশতেহারে উল্লেখিত অগ্রাধিকারভিত্তিক এজেন্ডাগুলো দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি। এ লক্ষ্যে কর্মকর্তা-কর্মচারীদের সক্রিয় সহযোগিতা কামনা করেন।

তিনি আরও বলেন, দেশের মানুষ সরকারের দিকে অনেক প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে। কর্মকর্তা-কর্মচারীরাও সরকারের অংশ। সরকার তখনই ভালো করবে, যখন আপনারা সহযোগিতা করবেন। আমরা এই দেশকে আমাদের প্রথম ও শেষ ঠিকানা মনে করি। তাই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে আমাদেরই কাজ করতে হবে।

দেশের মানুষের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সবাই মিলে কাজ করলে লক্ষ্য অর্জন সম্ভব। দুর্নীতি দূরীকরণেও কর্মকর্তা-কর্মচারীরা পূর্ণ সহযোগিতা করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

ডিবিটেক/এসএইচ/এমএ