জার্মানি, স্পেন ও হংকংয়ে সেবা চালুতে যাচ্ছে ইসি

৪০ দেশে প্রবাসীদের এনআইডি, নতুন করে যুক্ত হচ্ছে তিন দেশ

  • জার্মানি, স্পেন ও হংকংয়ে এনআইডি সেবা চালুর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন 
  • চলতি মাসে জার্মানি ও হংকংয়ে যাবে কারিগরি দল
  • ৪০টি দেশে ১ কোটি ৪০ লাখের বেশি বাংলাদেশি প্রবাসী রয়েছেন

৪০ দেশে প্রবাসীদের এনআইডি, নতুন করে যুক্ত হচ্ছে তিন দেশ
৩ নভেম্বর, ২০২৬ ১৪:৪৩  

বিদেশে বসবাসরত এক কোটি ৪০ লাখের বেশি বাংলাদেশির জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রাপ্তির সুযোগ সম্প্রসারণে নতুন উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। প্রবাসীদের জন্য বিদ্যমান এনআইডি সেবা কার্যক্রমের আওতা বাড়িয়ে জার্মানি, স্পেন ও হংকংয়ে কার্যক্রম চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে আনুষ্ঠানিকভাবে ২০টি দেশে ইসির এই কার্যক্রম চালু হবে। তবে সুইডেন, নরওয়ে ও ফিনল্যান্ডে আগে থেকেই সেবা চালু থাকায় নতুন তিন দেশ যুক্ত হলে বাস্তবে ২২টি দেশে প্রবাসীরা এনআইডি সেবা পাবেন।

৩ নভেম্বর, মঙ্গলবার ইসির এনআইডি অনুবিভাগের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

কর্মকর্তারা জানান, বর্তমানে ১৭টি দেশে প্রবাসীদের এনআইডি কার্যক্রম চালু রয়েছে। নতুন করে জার্মানি, স্পেন ও হংকংকে এই কার্যক্রমের আওতায় আনার সিদ্ধান্ত হয়েছে। এ লক্ষ্যে চলতি নভেম্বর মাসে হংকং ও জার্মানিতে কারিগরি দল পাঠানো হবে। আর ডিসেম্বরের প্রথম সপ্তাহে স্পেনে যাবে কারিগরি দল।

৪০ দেশে ১ কোটি ৪০ লাখের বেশি প্রবাসী

ইসির তথ্য অনুযায়ী, যেসব দেশে উল্লেখযোগ্যসংখ্যক বাংলাদেশি বসবাস করেন, সেসব দেশে এনআইডি সেবা সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ জন্য নির্বাচন কমিশন, প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি), পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিসহ (বায়রা) বিভিন্ন সংস্থার কাছ থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে।

এসব তথ্য পর্যালোচনা করে ৪০টি দেশে বাংলাদেশি প্রবাসীদের আধিক্য চিহ্নিত করেছে সংশ্লিষ্ট সংস্থাগুলো। এসব দেশকে বিবেচনায় রেখেই এনআইডি কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ এগিয়ে নেওয়া হচ্ছে।

তালিকাভুক্ত দেশগুলোতে এক কোটি ৪০ লাখের বেশি বাংলাদেশি প্রবাসী রয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি প্রবাসী সৌদি আরবে। দেশটিতে প্রায় ৪০ লাখ ৫০ হাজার বাংলাদেশি বসবাস করেন। অন্যদিকে তালিকার দেশগুলোর মধ্যে সবচেয়ে কম প্রবাসী রয়েছেন নিউজিল্যান্ডে, যেখানে বাংলাদেশির সংখ্যা প্রায় ২ হাজার ৫০০।

যেসব দেশে রয়েছে প্রবাসী এনআইডি কার্যক্রমের পরিকল্পনা

ইসির তালিকায় রয়েছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান, কাতার, বাহরাইন, লেবানন, জর্ডান, লিবিয়া, সুদান, মালয়েশিয়া, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য, ইতালি, হংকং, মিসর, ব্রুনাই, মরিশাস, ইরাক, যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান, অস্ট্রেলিয়া, গ্রিস, স্পেন, জার্মানি, দক্ষিণ আফ্রিকা, ফ্রান্স, নেদারল্যান্ডস, বেলজিয়াম, সুইজারল্যান্ড, ব্রাজিল, চীন, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, নিউজিল্যান্ড, রাশিয়া, তুরস্ক ও সাইপ্রাস।

নতুন তিন দেশে কার্যক্রম চালুর মধ্য দিয়ে বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের জাতীয় পরিচয়পত্র নিবন্ধন ও সেবা গ্রহণের সুযোগ আরও বিস্তৃত হবে। বিশেষ করে প্রবাসীদের পরিচয় শনাক্তকরণ এবং দেশের নাগরিক হিসেবে বিভিন্ন সরকারি সেবা গ্রহণের ক্ষেত্রে এনআইডি কার্যক্রমের বিস্তার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

//ডিবিটেক/ডিএমআর/এসএমই/এমভিএনও//