ঢামেক আইডিএসের নতুন সভাপতি ডা. ফয়সাল, সম্পাদক ডা. নাবিল

ঢামেক আইডিএসের নতুন সভাপতি ডা. ফয়সাল, সম্পাদক ডা. নাবিল
২৪ ফেব্রুয়ারি, ২০২৬ ০০:৩০  

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ইন্টার্ন ডক্টরস সোসাইটির (আইডিএস) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন ডা. মোস্তফা আমীর ফয়সাল, আর সাধারণ সম্পাদক হয়েছেন ডা. নাবিল বিন কাশেম।

সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও ছয় সদস্য বিশিষ্ট কমিটিতে সহ-সভাপতি পদে ডা. আব্দুল্লাহ আল মারুফ, সহ-সাধারণ সম্পাদক পদে ডা. আশরাফ সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক পদে ডা. সৈকত আহমেদ ও অর্থ সম্পাদক পদে ডা. এ মতিন নির্বাচিত হয়েছেন।

২২ ফেব্রুয়ারি, রবিবার ইন্টার্ন চিকিৎসকদের প্রত্যক্ষ ভোটে তারা নির্বাচিত হন। নিয়ম অনুযায়ী পরবর্তীতে আলোচনার মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন নতুন কমিটির নির্বাচিত নেতৃবৃন্দ।

নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, ২৩২ জন ইন্টার্ন চিকিৎসকের মধ্যে ১৬৯ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। সে হিসাবে এই নির্বাচনে ভোট পড়েছে ৭২.৮ ভাগ।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা প্রথমবারের মতো প্রত্যক্ষ ভোটে তাদের প্রতিনিধি নির্বাচন করেন। এর মধ্য দিয়ে ইন্টার্ন ডক্টরস সোসাইটি (আইডিএস) নামে মেডিকেল কলেজ হাসপাতালটির ইন্টার্ন চিকিৎসকদের নতুন সংগঠনের যাত্রা শুরু হয়।

ডিবিটেক/এমভিও/এমইউএম