লুইজিয়ানায় ১২ বিলিয়ন ডলার বিনিয়োগ অ্যামাজনের

লুইজিয়ানায় ১২ বিলিয়ন ডলার বিনিয়োগ অ্যামাজনের
২৪ ফেব্রুয়ারি, ২০২৬ ১৬:৫৭  

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) পরিকাঠামো সম্প্রসারণের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যে ১২ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে অ্যামাজন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি। খবর রয়টার্স।

স্যান ফ্রান্সিসকোতে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, অঙ্গরাজ্যটির উত্তর-পশ্চিমাঞ্চলে এই তথ্যকেন্দ্র (ডেটা সেন্টার) নির্মাণ করা হবে। এতে ৫৪০টি পূর্ণকালীন কর্মসংস্থান সৃষ্টি হবে বলে জানিয়েছে অ্যামাজন। পাশাপাশি ইলেকট্রিশিয়ান ও শীতাতপ নিয়ন্ত্রণ প্রযুক্তিবিদের মতো আরও সহায়ক কর্মসংস্থান তৈরি হবে ।

এ মাসের শুরুর দিকে প্রকাশিত চতুর্থ প্রান্তিকের আয় প্রতিবেদনে অ্যামাজন জানিয়েছিল, ২০২৬ সালে তাদের মূলধনী ব্যয় হবে ২০০ বিলিয়ন ডলার, যা ২০২৫ সালের ১৩১ বিলিয়ন ডলার থেকে উল্লেখযোগ্য বৃদ্ধি। এই ঘোষণার পর প্রতিষ্ঠানটির শেয়ারের দাম কিছুটা কমেছে। চলতি বছর এখন পর্যন্ত শেয়ারের দাম ৯.৪ শতাংশ কমেছে ।

এআই সফটওয়্যার, কম্পিউটার চিপ ও অন্যান্য পরিকাঠামোর চাহিদা মেটাতে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ব্যয় ব্যাপক হারে বেড়েছে। চলতি বছর প্রতিষ্ঠানগুলো কমপক্ষে ৬৩০ বিলিয়ন ডলার ব্যয়ের প্রতিশ্রুতি দিয়েছে, যা নিয়ে কিছু বিনিয়োগকারী এআই-নির্ভর অর্থনৈতিক ‘বাবল’ এর আশঙ্কা করছেন ।

তবে তথ্যকেন্দ্র স্থাপন নিয়ে কিছু সম্প্রদায়ের উদ্বেগ রয়েছে। কারণ এতে স্থানীয় বিদ্যুৎ গ্রিডে চাপ পড়ে এবং বিপুল পানি ব্যবহারের প্রয়োজন হয়। অ্যামাজন জানিয়েছে, লুইজিয়ানার তথ্যকেন্দ্রগুলোর প্রভাব মোকাবিলায় ৪০০ মিলিয়ন ডলারের একটি তহবিল গঠন করা হবে। শুধু শীতলীকরণ ও অন্যান্য প্রয়োজনে পানি ব্যবহার করা হবে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি ।

অ্যামাজনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, তারা লুইজিয়ানার তথ্যকেন্দ্রগুলোর ‘১০০ শতাংশ ব্যয়ভার’ বহন করবে এবং প্রয়োজনীয় বৈদ্যুতিক পরিকাঠামো সরবরাহে সাউথওয়েস্টার্ন ইলেকট্রিক পাওয়ার কোম্পানির সঙ্গে কাজ করছে ।

ডিবিটেক/বিএমটি