ত্বকের ক্যন্সার সনাক্ত ও নারী শিক্ষর্থী হয়রানি রোধে
আইসিটি ফেলোশিপ পেলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থী
তথ্যপ্রযুক্তি খাতে মাস্টার্স, এমফিল, ডক্টরাল এবং পোস্ট ডক্টরাল পর্যায়ে গবেষণার জন্য চলতি ২০২৫-২৬ অর্থবছরে দেশ ও বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মোট ৪৮ জন শিক্ষার্থী, গবেষককে মনোনয়ন দিয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। বৃত্তি, ফেলোশিপ প্রদানের লক্ষ্যে গঠিত বাছাই কমিটির সুপারিশ এবং এওয়ার্ড কমিটির সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এবারে ফেলোশিপ প্রাপ্তদের মধ্যে রয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী।
দুজনেই কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের স্নাতকোত্তর ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এরা হলেন ফজলে রাব্বি রিজন এবং শারমিন জাহান।
এদের মধ্যে মেশিন লার্নিং ব্যবহার করে ত্বকের ক্যান্সার সনাক্তকরণের একটি কার্যকর পদ্ধতি নিয়ে কাজ করবেন ফজলে রাব্বি। গবেষণায় ত্বকের ক্যান্সার বিশেষ করে মেলানোমা সময়মতো সনাক্ত করার জন্য মেশিন লার্নিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক কম্পিউটার-সহায়ক ডায়াগনস্টিক পদ্ধতি প্রয়োগ করছেন এই গবেষক। এতে বিভিন্ন ধরনের ত্বকের ক্ষত সঠিকভাবে শ্রেণিবিন্যাসের জন্য (আইএসআইসি ২০১৯) ডেটাসেট ব্যবহার করে মডেল উন্নয়ন ও মূল্যায়ন করা হয়েছে। মডেলের নির্ভুলতা ও স্থায়িত্ব বাড়াতে ডেটা অগমেন্টেশন, ফিচার ইঞ্জিনিয়ারিং এবং এনসেম্বেল লার্নিং কৌশল গ্রহণ করা হয়েছে।
এখন নিজ বিভাগের শিক্ষক ড. তুষার কান্তি সাহার তত্বাবধানে ত্বকের ক্যান্সারের প্রাথমিক সনাক্তকরণ ও চিকিৎসায় চিকিৎসকদের জন্য একটি কার্যকর ও নির্ভরযোগ্য এআই-ভিত্তিক ডায়াগনস্টিক সহায়ক ব্যবস্থা তৈরি করতে গবেষণা করতে যাচ্ছেন এই গবেষক।
অপরদিকে মেশিন লার্নিং ব্যবহার করে নারী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের হয়রানি শনাক্তকরণ বিষয়ে কাজ করবেন ফেলোশিপপ্রাপ্ত অপর শিক্ষার্থী শারমিন জাহান। গবেষণায় তথ্যপ্রযুক্তির মাধ্যমে হয়রানির ধরন ও মাত্রা বিশ্লেষণ করে একটি কার্যকর শনাক্তকরণ ব্যবস্থা তৈরি করতে চান এই গবেষক। গবেষণার প্রথম ধাপে প্রশ্নমালার মাধ্যমে সংগৃহীত তথ্য ব্যবহার করে ডেটা প্রিপ্রসেসিং, ফিচার এক্সট্রাকশন এবং মেশিন লার্নিং মডেলের মাধ্যমে হয়রানি শনাক্ত করার একটি কাঠামো প্রস্তাব করা হয়েছে। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয় পর্যায়ে নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও সহায়ক পরিবেশ নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর সমাধানের সম্ভাবনা তুলে ধরা হয়েছে।
ডিবিটেক/সিটিএন/এমইএম



