মেমোরি চিপ সংকটে চীনের দিকে ঝুঁকছে এইচপি, ডেল, এসার ও আসুস
বিশ্বজুড়ে মেমোরি চিপের তীব্র সংকটের প্রেক্ষাপটে প্রথমবারের মতো চীনা নির্মাতাদের কাছ থেকে মেমোরি চিপ সংগ্রহের কথা ভাবছে শীর্ষস্থানীয় পিসি নির্মাতা এইচপি, ডেল, এসার ও আসুস। খবর রয়টার্স।
নিক্কেই এশিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, এই সংকট প্রযুক্তি খাতে পণ্যের উদ্বোধন বিলম্বিত করছে এবং উৎপাদন ব্যয় বাড়িয়ে দিচ্ছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, স্মার্টফোন থেকে শুরু করে ডেটা সেন্টার—সবখানেই ব্যবহৃত মেমোরি চিপের ঘাটতিতে বৈশ্বিক সরবরাহ শৃঙ্খল চাপে রয়েছে। এই পরিস্থিতিতে এইচপি চীনের মেমোরি চিপ প্রস্তুতকারক চ্যাংশিন মেমোরি টেকনোলজিসের পণ্য পরীক্ষামূলকভাবে যাচাই শুরু করেছে।
২০২৬ সালের মাঝামাঝি পর্যন্ত বাজার পরিস্থিতি পর্যবেক্ষণের পর যুক্তরাষ্ট্রের বাইরে কিছু বাজারে সেখান থেকে ডিআরএএম সংগ্রহের সিদ্ধান্ত নিতে পারে তারা।
একইভাবে ডেলও মূল্য আরও বাড়তে পারে—এই আশঙ্কায় চীনা ডিআরএএম যাচাই করছে।
এসার চীনা ঠিকাদারদের মাধ্যমে এমন চিপ ব্যবহারে আগ্রহ দেখিয়েছে, আর আসুসও কিছু নোটবুক প্রকল্পে চীনা উৎপাদন অংশীদারদের চিপ সংগ্রহে সহায়তা করতে বলেছে।
ডিবিটেক/বিএমটি



