ফেসবুক ও মেসেঞ্জারে ‘টিন অ্যাকাউন্ট’ চালু করলো মেটা

ফেসবুক ও মেসেঞ্জারে ‘টিন অ্যাকাউন্ট’ চালু করলো মেটা
৯ এপ্রিল, ২০২৫ ১২:৩৫  
৯ এপ্রিল, ২০২৫ ১২:৩৬  

কিশোর-কিশোরীদের জন্য নিরাপত্তা জোরদারে ফেসবুক ও মেসেঞ্জারে ‘টিন অ্যাকাউন্ট’ চালু করেছে মেটা। ইতিপূর্বে ইনস্টাগ্রামে চালু হওয়া এই অ্যাকাউন্টগুলোতে বাধ্যতামূলক প্যারেন্টাল কন্ট্রোল এবং অপরিচিত ব্যক্তিদের সঙ্গে বার্তা আদান-প্রদানে সীমাবদ্ধতা রয়েছে। খবর এনগ্যাজেট।

১৩ থেকে ১৫ বছর বয়সী ব্যবহারকারীদের জন্য এই অ্যাকাউন্ট বাধ্যতামূলক, এবং বয়স জালিয়াতি শনাক্তে ইনস্টাগ্রামে রয়েছে বিশেষ ব্যবস্থা। নতুন নিয়ম অনুযায়ী, অভিভাবকের অনুমতি ছাড়া কিশোররা কিছু প্রাইভেসি সেটিং পরিবর্তন করতে পারবে না এবং তাদের স্ক্রিনটাইম ও বন্ধুর তালিকা অভিভাবকরা পর্যবেক্ষণ করতে পারবেন।

এছাড়া ইনস্টাগ্রামেও নতুন নিরাপত্তা বৈশিষ্ট্য যোগ করা হয়েছে। ১৬ বছরের নিচের ব্যবহারকারীদের লাইভ সম্প্রচার শুরু করতে অভিভাবকের অনুমতি লাগবে এবং ‘নিউডিটি প্রোটেকশন’ বন্ধ করতে গেলেও অনুমতি নিতে হবে। কিশোরদের মানসিক স্বাস্থ্যের ওপর মেটার অ্যাপগুলোর প্রভাব নিয়ে চলমান সমালোচনার প্রেক্ষিতে এই পদক্ষেপগুলো নেওয়া হয়েছে।

ডিবিটেক/বিএমটি