বিশ্বজুড়ে কিশোরদের জন্য মেটার এআই ক্যারেক্টারের ব্যবহার স্থগিত

বিশ্বজুড়ে কিশোরদের জন্য মেটার এআই ক্যারেক্টারের ব্যবহার স্থগিত
২৫ জানুয়ারি, ২০২৬ ১১:০০  

বিশ্বজুড়ে কিশোর ব্যবহারকারীদের জন্য নিজেদের এআই ক্যারেক্টার (চরিত্র) এর প্রবেশাধিকার সাময়িকভাবে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে মেটা প্ল্যাটফর্মস। নতুন ও হালনাগাদ অভিজ্ঞতা চালু না হওয়া পর্যন্ত ফেসবুক, ইনস্টাগ্রামসহ মেটার সব অ্যাপে কিশোররা আর এআই চরিত্র ব্যবহার করতে পারবে না বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। খবর রয়টার্স।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, শুক্রবার কিশোর সুরক্ষা নিয়ে প্রকাশিত এক ব্লগ পোস্টে মেটা জানায়, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই সিদ্ধান্ত কার্যকর হবে। নতুন সংস্করণ চালু হলে সেখানে অভিভাবক নিয়ন্ত্রণের সুবিধা যুক্ত করা হবে, যাতে কিশোরদের এআই–সংক্রান্ত ব্যবহার আরও ভালোভাবে নিয়ন্ত্রণ করা যায়।

এর আগে গত অক্টোবরে মেটা অভিভাবক নিয়ন্ত্রণের একটি ফিচারের কথা জানায়, যার মাধ্যমে কিশোরদের এআই চরিত্রের সঙ্গে ব্যক্তিগত চ্যাট বন্ধ করে দিতে পারবেন অভিভাবকেরা। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘অতিরিক্ত ঘনিষ্ঠ’ বা অনুপযুক্ত আচরণের অভিযোগে সমালোচনার মুখে পড়ে এ ধরনের পদক্ষেপ নেয় প্রতিষ্ঠানটি। তবে মেটা জানিয়েছে, ওই নিয়ন্ত্রণব্যবস্থা এখনো চালু হয়নি।

মেটা আরও বলেছে, কিশোরদের জন্য তাদের এআই অভিজ্ঞতা চলচ্চিত্রের পিজি–১৩ রেটিং নীতির আদলে পরিচালিত হবে, যাতে অনুপযুক্ত কনটেন্টে প্রবেশ ঠেকানো যায়। এদিকে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে এআই চ্যাটবটের সম্ভাব্য নেতিবাচক প্রভাব নিয়ে নিয়ন্ত্রক সংস্থাগুলোর নজরদারি বাড়ছে। এরই ধারাবাহিকতায় কিশোর সুরক্ষা জোরদারে এই সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ডিবিটেক/বিএমটি