ইন্টেলের সঙ্গে ফের চিপ উৎপাদনে যাচ্ছে অ্যাপল!

ইন্টেলের সঙ্গে ফের চিপ উৎপাদনে যাচ্ছে অ্যাপল!
২৪ জানুয়ারি, ২০২৬ ১৬:২৩  

চিপ উৎপাদনে সরবরাহকারীর ওপর নির্ভরতা কমাতে আবারও ইন্টেলের সঙ্গে অংশীদারিত্বের পথে হাঁটতে পারে অ্যাপল—এমন গুঞ্জন নতুন করে জোরালো হয়েছে। গত ডিসেম্বরের শুরুতে প্রথমবার শোনা যায়, তাইওয়ানের টিএসএমসির ওপর সম্পূর্ণ নির্ভরতা কমাতে ইন্টেলের সঙ্গে আলোচনা শুরু করেছে কুপারটিনোভিত্তিক প্রযুক্তি জায়ান্টটি। খবর জিএসএম এরিনা।

এবার জিএফ সিকিউরিটিজের বিশ্লেষক জেফ পু–এর এক গবেষণা নোটে সেই গুঞ্জনের পুনরাবৃত্তি দেখা গেছে। তাঁর পূর্বাভাস অনুযায়ী, ইন্টেল তাদের ভবিষ্যৎ ১৪এ প্রক্রিয়ায় অ্যাপলের চিপ উৎপাদন শুরু করতে পারে, যা ২০২৮ সালে ব্যাপক উৎপাদনের জন্য প্রস্তুত হবে। এর ফলে অ্যাপলের এ২১ ও এ২২ সিরিজের কিছু চিপ ইন্টেলের কারখানায় তৈরি হতে পারে।

তবে বিশ্লেষকদের ধারণা, টিএসএমসি আগের মতোই অ্যাপলের প্রধান চিপ সরবরাহকারী হিসেবে থাকবে। ইন্টেলও টিএসএমসির মতো কেবল উৎপাদনের দায়িত্ব পালন করবে, চিপের নকশা তৈরিতে তারা যুক্ত হবে না।

আইফোনের চিপের পাশাপাশি কিছু ম্যাক ও আইপ্যাড মডেলের জন্যও ইন্টেল চিপ তৈরি করতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন বিশ্লেষক মিং-চি কুও। তাঁর মতে, ২০২৭ সালের মাঝামাঝি থেকেই কম ক্ষমতার এম সিরিজের কিছু চিপ ইন্টেলের কারখানায় তৈরি হতে পারে।

ডিবিটেক/বিএমটি