প্রকৌশলীদের দাবি পর্যালোচনায় গঠিত কমিটির মেয়াদ আবারও বাড়লো
প্রকৌশল পেশায় বিএসসি ডিগ্রিধারী ও ডিপ্লোমাধারীদের পেশাগত দাবিগুলোর যৌক্তিকতা পরীক্ষা-নিরীক্ষার সুপারিশ দিতে গঠিত কমিটির মেয়াদ আরও এক দফা বাড়ানো হয়েছে।কমিটির মেয়াদ আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এর আগে কমিটির বাড়ানো মেয়াদ গত ১৫ জানুয়ারি শেষ হয়।
গত ২৭ আগস্ট গঠন করা ৮ সদস্যের এ কমিটির সভাপতি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ; সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। কমিটিতে চারজন উপদেষ্টা ছাড়াও প্রকৌশলীদের সংগঠনের প্রতিনিধিরা রয়েছেন। কমিটির অন্য সদস্যরা হলেন-শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের সভাপতি প্রকৌশলী মোহাম্মদ রেজাউল ইসলাম, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের সভাপতি প্রকৌশলী মো. কবির হোসেন, বোর্ড অব অ্যাক্রেডিটেশন ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন, বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক ড. প্রকৌশলী তানভির মঞ্জুর এবং কমিটির সদস্য সচিব জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী মুহাম্মদ মোজাম্মেল হক।
কমিটিকে এক মাসের মধ্যে সরকারের কাছে প্রতিবেদন দিতে বলা হয়েছিল। এরপর মেয়াদ আরও এক দফা বাড়ানো হয়।
তিন দফা দাবিতে আগস্টের শেষের দিকে শাহবাগ মোড় অবরোধ করে আন্দোলন করেন বুয়েটসহ বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাওয়েরও চেষ্টা করেন।



