আইফোন ৪-এর নাটকীয় ইতিহাস
২০১০ সালে যখন স্মার্টফোন যুগ দ্রুত বিস্তৃত হচ্ছিল, সেই সময়েই আলোচনার কেন্দ্রে আসে আইফোন ৪। আনুষ্ঠানিক উন্মোচনের আগেই এক অ্যাপল কর্মচারীর অসাবধানতায় একটি প্রোটোটাইপ বার-এ ফেলে আসা হয়, যা পরে প্রযুক্তি ব্লগ গিজমোডোর হাতে পড়ে। তারা ডিভাইসটি খুলে বিস্তারিত প্রকাশ করলে বিশ্বজুড়ে প্রযুক্তি অঙ্গনে তীব্র আলোড়ন সৃষ্টি হয়।
এই ফাঁসের ধাক্কা সামলে অ্যাপল যখন আইফোন ৪ উন্মোচন করে, তখন শুরু হয় আরেক বিতর্ক। ‘অ্যান্টেনাগেট’ নামে পরিচিত নেটওয়ার্ক সমস্যায় ব্যবহারকারীদের ক্ষোভ চরমে পৌঁছায়, এমনকি প্রধান নির্বাহী স্টিভ জবসকে সংবাদ সম্মেলন করে ব্যাখ্যা দিতে হয়। তবুও আইফোন ৪ প্রযুক্তিগত দিক থেকে ছিল যুগান্তকারী।
এই মডেলেই প্রথমবারের মতো অ্যাপলের নিজস্ব চিপ স্মার্টফোনে ব্যবহৃত হয় এবং যুক্তরাষ্ট্রে এটিঅ্যান্ডটি নেটওয়ার্কের একচেটিয়া নির্ভরতা ভাঙে। নকশার দিক থেকেও এটি দীর্ঘদিন স্মার্টফোনের আদর্শ রূপ নির্ধারণ করে দেয়। নাটক, বিতর্ক ও উদ্ভাবনের সমন্বয়ে আইফোন ৪ ইতিহাসের অন্যতম প্রভাবশালী ফোন হিসেবে বিবেচিত।
এই ঘটনাগুলো প্রযুক্তি সাংবাদিকতা ও ব্লগ সংস্কৃতিকে নতুন গতি দেয়, যেখানে ফাঁস, বিশ্লেষণ ও পাঠক প্রতিক্রিয়া ভবিষ্যৎ পণ্য উন্মোচনের ধরন বদলে দেয় এবং কোম্পানিগুলোকে স্বচ্ছতা বাড়াতে বাধ্য করে। বিশ্বব্যাপী বাজারে প্রতিযোগিতা তীব্র হয়।
ডিবিটেক/বিএমটি







