রেললাইনসংলগ্ন এলাকায় ছিনতাইয়ের শিকার পর্যটক; উদ্ধার করা হলো চাকু ও মোবাইল

বাকৃবিতে ছুরি দেখিয়ে মোবাইল ছিনতাই, ধাওয়া করে অটোচালককে আটক করল শিক্ষার্থীরা

  • বাকৃবি ক্যাম্পাসের রেললাইনসংলগ্ন নির্জন স্থানে ছুরি দেখিয়ে বহিরাগত তরুণের মোবাইল ছিনতাই করে পালানোর চেষ্টা অটোচালকের
  • চিৎকার শুনে মোটরসাইকেলে ধাওয়া করে করিম ভবন এলাকায় চালককে আটক করেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা
  • উদ্ধার হওয়া মোবাইল ও ধারালো চাকুসহ আটক চালক রাহুল মিয়াকে কোতোয়ালি থানা পুলিশের কাছে সোপর্দ করেছে প্রক্টরিয়াল বডি

বাকৃবিতে ছুরি দেখিয়ে মোবাইল ছিনতাই, ধাওয়া করে অটোচালককে আটক করল শিক্ষার্থীরা
৯ নভেম্বর, ২০২৬ ০৯:৩৩  

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসে ছুরি দেখিয়ে এক বহিরাগত যুবকের মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগে এক অটোচালককে আটক করেছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের রেললাইনসংলগ্ন নির্জন এলাকায় ৮ নভেম্বর, রবিবার এ ঘটনা ঘটে। শিক্ষার্থীদের দীর্ঘ ধাওয়া শেষে অভিযুক্তকে আটকের পর তার কাছ থেকে ছিনতাইকৃত স্মার্টফোন ও একটি ধারালো চাকু উদ্ধার করা হয়।

আটক অটোচালকের নাম রাহুল মিয়া। তিনি ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার মরাখোলা এলাকার বাসিন্দা।

ভুক্তভোগী কাদের সিদ্দিকি (২০) জানান, তিনি নারায়ণগঞ্জ থেকে ময়মনসিংহে আত্মীয়ের বাসায় বেড়াতে এসেছিলেন। ঢাকা বাইপাস এলাকা থেকে কেওয়াটখালীতে যাওয়ার উদ্দেশে তিনি ৭০ টাকায় একটি মিশুক (ব্যাটারিচালিত অটো) ভাড়া করেন। তবে চালক নির্ধারিত পথ এড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরের সড়ক দিয়ে যেতে থাকেন। ক্যাম্পাস সম্পর্কে পূর্বধারণা না থাকায় তিনি শুরুতে বিষয়টি আঁচ করতে পারেননি। চালক বিভিন্ন সড়ক ঘুরিয়ে রেললাইনসংলগ্ন একটি নির্জন স্থানে গাড়ি থামিয়ে ধারালো ছুরি বের করে ভুক্তভোগীর সর্বস্ব দাবি করেন। প্রাণভয়ে কাদের সিদ্দিকি নিজের মোবাইল ফোনটি চালকের হাতে তুলে দিলে চালক দ্রুত গাড়ি চালিয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় ভুক্তভোগী পেছনে দৌড়াতে দৌড়াতে চিৎকার শুরু করেন।

চিৎকার শুনে বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আকাশ মোটরসাইকেল নিয়ে তাৎক্ষণিকভাবে অটোর পিছু নেন। প্রত্যক্ষদর্শী আকাশ জানান, তিনি ফার্স্ট গেট থেকে জব্বারের মোড়ের দিকে যাচ্ছিলেন। এক ব্যক্তিকে অটোর পেছনে দৌড়াতে দেখে তিনি ধাওয়া শুরু করেন। জব্বারের মোড় ও দেবদারু রোড হয়ে অটোটি করিম ভবনের দিকে যাওয়ার সময় চালক একাধিকবার মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা চালান। একপর্যায়ে করিম ভবন থেকে ছেলেদের হলের সংযোগ সড়কে নামার সময় অটোর নিচের অংশে আগুন ধরে যায়। তখন শিক্ষার্থীরা চারদিক থেকে ঘিরে ফেলে চালককে আটক করেন।

ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডিকে অবহিত করা হলে সহকারী প্রক্টর অধ্যাপক ড. কাজী ফরহাদ কাদিরসহ প্রক্টরিয়াল টিমের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তারা অভিযুক্তকে উদ্ধার করে ক্যাম্প পুলিশ ফাঁড়িতে নিয়ে যান এবং তল্লাশি চালিয়ে ছিনতাই হওয়া মোবাইল ও ব্যবহৃত চাকু জব্দ করেন। রাত সাড়ে ৮টার দিকে তাকে কোতোয়ালি মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. কাজী ফরহাদ কাদির বলেন, "খবর পেয়েই প্রক্টরিয়াল বডি উপস্থিত হয়ে শিক্ষার্থীদের হাত থেকে অভিযুক্তকে হেফাজতে নেয়। উদ্ধার করা অস্ত্র ও মোবাইলসহ তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।"

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) সজীব কোচ জানান, প্রক্টরিয়াল বডি অভিযুক্ত রাহুল মিয়াকে থানায় হস্তান্তর করেছে। তবে ভুক্তভোগী শিক্ষার্থী বা পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক মামলা দায়েরের বিষয়ে কিছুটা অনাগ্রহ রয়েছে। এ পরিস্থিতিতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে আইনগত পরবর্তী পদক্ষেপ নেওয়া হচ্ছে।

//ডিবিটেক/জেএএইচ/এসএমই/এমভিএনও//